২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রীমকোর্টে হাঙ্গামার ঘটনায় দু’পক্ষের আইনজীবীদের পাল্টাপাল্টি কর্মসূচি

রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বৈধতা নিয়ে রিটের শুনানিতে প্রধান বিচারপতির স্থগিতাদেশ ও সুপ্রীমকোর্টে ভাংচুরের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের আইনজীবীরা এখন মুখোমুখি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

এ ঘটনার জন্য বিএনপি জামায়াত জোটপন্থি আইনজীবীদের দায়ী করে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি রোববার সর্বোচ্চ আদালতসহ সারা দেশের আইনজীবীদের বিক্ষোভ সমাবেশের ঘোষণা।

অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আদালতে ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের আইনজীবীদের দায়ী করে তাদের বিরুদ্ধে আদালত অবমাননা ও ফৌজদারি মামলা করে বিচারের মুখোমুখী করার দাবি জানিয়েছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত সর্বোচ্চ আদালতের সব কাজ বন্ধ করে দেয়ার ঘোষণা দেন ফোরাম নেতারা।

এদিকে প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেল পদত্যাগ না করা পর্যন্ত সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি প্রধান বিচারপতির আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া চারদলীয় জোট সমর্থক বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও ইয়ং লইয়ার্স এসোসিয়েশন দুপুরে সুপ্রীমকোর্টের মূল ফটকে মানব বন্ধন করে প্রধান বিচারপতির এজলাসে ভাংচুরের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেছে।

তারা এরপর মিছিল নিয়ে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে দেয়া স্মারকলিপিতে সুপ্রীমকোর্ট, প্রধান বিচারপতি ও অ্যাটর্নি জেনারেলের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভা

শনিবার সমিতির সহ সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সভাপতি ব্যারিস্টার আমীর-উল-ইসলাম, সম্পাদক ও এম আমিনউদ্দিন, সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার, মো. ওজায়ের ফারুক, মাহবুবে আলম ও সাবেক সম্পাদক ইনায়েতুর রহিম।

সভায় প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করে বলা হয়, যতদিন তিনি তা না করবেন ততদিন তার আদালত বর্জন করা হবে।

সিদ্ধান্তে বলা হয়, সমিতি মনে করে বিএনপি জামায়াত জোট বহিরাগতদের দিয়ে প্রধান বিচারপতির আদালত কক্ষ তছনছের ঘটনা ঘটিয়েছে। বিচার বিভাগের ভাবমূর্তি বিনষ্ট করার এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানানো হয়।

সিদ্ধান্তে ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মাহবুবউদ্দিন আহমাদকে গ্রেফতারের দাবি জানানো হয়। সমিতির সভাপতিসহ আইনজীবীদের নামে বিষোদগারের নিন্দা জানিয়ে তা প্রত্যাহার করা না পর্যন্ত তাদের অবাঞ্ছিত ঘোষণার সিদ্ধান্ত হয়। ফোরামের আইনজীবীরা সুপ্রীমকোর্ট বন্ধ করে দেওয়ার যে ঘোষণা দিয়েছেন তারও নিন্দা জানানো হয়।

সভায় মোবাইল ফোনে দেয়া বক্তব্যে ব্যারিস্টার আমীর-উল-ইসলাম বলেন, আদেশ দেওয়ার আগে মামলার কার্যক্রম স্থগিত করে প্রধান বিচারপতি সংবিধান লঙ্ঘন করেছেন। সুপ্রীমকোর্টে হামলা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোটের আগে থেকে লোক ঠিক করা ছিল। বিচার বিভাগের ভাবমূর্তি বিনষ্ট করার জন্য তারা পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

আবদুল বাসেত মজুমদার বলেন, প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেল, মওদুদ আহমদ ও খন্দকার মাহবুবউদ্দিনের চক্রান্তে পড়ে প্রধান ষড়যন্ত্রকারী হয়েছেন।

তিনি আর তার পদে থাকতে পারবেন না। ড. ইয়াজউদ্দিন আহম্মেদকে প্রধান উপদেষ্টার পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যেদিন থেকে নতুন প্রধান উপদেষ্টা নিয়োগ হবে সেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকারের ৯০ দিনের মেয়াদ গণনা শুরু হবে।

ওজায়ের ফারুক বলেন, প্রধান বিচারপতি সংবিধানের সঙ্গে প্রতারণা করছেন।

মাহবুবে আলম বলেন, সংবিধান ও শপথ ভঙ্গ করে প্রধান বিচারপতি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

সম্পাদক এ এম আমিনউদ্দিন কর্মসূচি ঘোষণা করে বলেন, রোববার অবরোধের সমর্থনে আইনজীবীরা সকাল ৯টায় সুপ্রীমকোর্ট অঙ্গনে জড়ো হয়ে মিছিল, সমাবেশ করবেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সংবাদ সম্মেলন

শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে ফোরাম আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদস্য সচিব শাহ খসরুজ্জামান। বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর।

লিখিত বক্তব্যে শাহ খসরুজ্জামান বলেন, প্রধান বিচারপতি সংবিধান মেনেই মামলার কার্যক্রম স্থগিত করার আদেশ দিয়েছেন।

এই আদেশ নজিরবিহীন বলে যে বক্তব্য দেয়া হয়েছে তা বিভ্রান্তিকর। প্রধান বিচারপতির কক্ষসহ সুপ্রীমকোর্টে ভাংচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও শাস্তির দাবি জানান তিনি।

ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, বৃহস্পতিবার সুপ্রীমকোর্টে আওয়ামী আইনজীবীরা যে তাণ্ডব চালিয়েছে তা ছিল বিচার বিভাগের স্বাধীনতার ওপর চরম আঘাত। প্রধান বিচারপতির আদেশ নজিরবিহীন ছিল না, আওয়ামী আইনজীবীদের তাণ্ডব ছিল নজিরবিহীন।

তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে দায়ের করা মামলাটি ছিল একটি রাজনৈতিক মামলা। রাস্তার আন্দোলনে যখন সফল হয়নি, তখন তারা রাজনীতিকে আদালতে নিয়ে এসেছে। একদিকে অবরোধ, অন্যদিকে মামলা।

ব্যারিস্টার মওদুদ বলেন, অ্যাটর্নি জেনারেল বাধ্য হয়ে প্রধান বিচারপতির কাছে গেছেন। কারণ তিনি বার বার বলছিলেন বৃহত্তর বেঞ্চের আবেদনটি আগে নিষ্পত্তি করুন। কিন্তু বিচারকদ্বয় তা করলেন না। বলবেন রুল দেবেন। আদালতের এটা করা উচিত হয়নি।

তিনি বলেন, প্রধান বিচারপতির আদেশে সংক্ষুব্ধ হলে তারা তার কাছে রিভিউ আবেদন নিয়ে যেতে পারতেন। কিন্তু তারা নেতৃত্ব দিয়েছেন প্রধান বিচারপতির কক্ষ ভাংচুরের। প্রধান বিচারপতির কক্ষে আঘাত করার অর্থ বিচার বিভাগের স্বাধীনতার ওপর আঘাত করা।

খন্দকার মাহবুব উদ্দিন বলেন, প্রধান বিচারপতির মামলা স্থগিত করার ক্ষমতা রয়েছে। অ্যাটর্নি জেনারেল প্রধান বিচারপতির কাছে যাওয়ায় কোন আইন বা মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি।

অ্যাটর্নি জেনারেল নিজ হাতে আদেশ নিয়ে এসেও কোনো ভুল করেন নি। খন্দকার মাহবুবউদ্দিন বলেন, বিচারপতি আওলাদ আলী ব্যারিস্টার আমীর-উল-ইসলামের চেম্বারের জুনিয়র ছিলেন। বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর বাড়ি সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর একই থানায়।

তারা এরপরও এ মামলার শুনানিতে কেন বিব্রত বোধ করলেন না? এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান বিচারপতি ২৫ বছর আগে তার জুনিয়র ছিলেন।

রোববার দুপুরে ফোরামের আইনজীবীরা সুপ্রীমকোর্ট প্রাঙ্গনে সমাবেশ করবেন বলে ঘোষণা দেন খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।

ব্যারিস্টার আমিনুল হক বলেন, জাতীয় পতাকা দুমড়ে ফেলা, এজলাস ভাংচুর কোন ধরনের মানসিকতা? ব্যারিস্টার শাহজাহান ওমর বলেন, ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর-উল-ইসলাম ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদের জনগনের কাছে কোন গ্রহণযোগ্যতা নেই। তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি রুল জারি হতো তিনি কলঙ্কিত হতেন।