সন্ত্রাসী হারিছ খুনের ঘটনায় মামলা
নোয়াখালী ও সন্দ্বীপের ত্রাস সন্ত্রাসী হারিছ খুনের ঘটনায় বৃহস্পতিবার রাতে কোম্পানীগঞ্জ থানায় ২১ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, নিহত হারিছের ভাই জুনায়েদ আলী জাবেদের দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। এতে উড়িরচরের চেয়ারম্যান খায়রুল আলম ও তার ছেলে মাকসুদ আলম খোকাসহ ২১ জনকে আসামী করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহুর আলী বলেন, মামলার তদন্ত চলছে। তবে খুনের ঘটনাস্থল ও নিহতের বাড়ি দুই জেলায় হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে।
২৪ নভেম্বর রাতে সন্ত্রাসী হারিছ বাহিনী প্রধান ফরহাদ উদ্দিন হারিছ (৩৭) প্রতিপক্ষের গুলিতে নিহত হয়। তার বিুরদ্ধে সন্দ্বীপ থানায় আটটি ও কোম্পানীগঞ্জ থানায় দুটিসহ অসংখ্য মামলা রয়েছে।
