২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ হলো টিআইবির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা

সংসদ অধিবেশনে সদস্যদের বাধ্যতামূলক উপস্থিতির বিধানসহ নৈতিক আচরণবিধি প্রণয়ন এবং সৎ প্রার্থী নির্বাচনের মাধ্যমে কার্যকর সংসদ প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করেন তরুণ তার্কিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এমনই অভিমত দেন তারা।

৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে ‘দুর্জয় তারুণ্য দুর্নীতি রুখবেই’ স্লোগান সামনে রেখে টিআইবির দুদিনের এই প্রতিযোগিতা শেষ হয় বৃহস্পতিবার।

মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বিতার্কিকের পুরস্কার পান ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের মোশফেকা করিম। প্রথম রানার আপ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মানজুর-আল-মতিন ও দ্বিতীয় রানার আপ পুরস্কার পান ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের কাজী তিউতী বিনতে জিন্নাত।

বিজয়ীদের পুরস্কার দেন টিআইবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমেদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “একটি কার্যকর সংসদের মাধ্যমে দেশে দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। জনগণ আগামীতে একটি কার্যকর সংসদ আশা করছে। সেটা সুনিশ্চিত করার দায়িত্ব অনেকটাই রাজনীতিকদের। সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দিলে ভবিষ্যতে জনগণের পক্ষে সঠিক নেতা নির্বাচন সম্ভব হবে।”

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বুধবার বারোয়ারী বির্তক করেন। মোট পাঁচটি গ্রুপে ৩৬ জন করে পাঁচটি সেশনে বারোয়ারী বির্তক হয়। এতে বিজয়ী ৩০ জন বৃহস্পতিবার ব্র্যাক ইনে ছায়া সংসদ বির্তকে অংশ নেন।

ছায়া সংসদ বিতর্কে স্পিকারের দায়িত্বে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। বিচারক ছিলেন সাংবাদিক অজয় দাশগুপ্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খাদেমুল হক সুমন, নাজমুজ্জামান ভুঁইয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসিবুল আলম প্রধান, টিআইবি কর্মকর্তা তানভীর মাহমুদ, সাবেক বিতার্কিক নেওয়াজ খালেদ ও মাহমুদ আলম বাপ্পী।