উপদেষ্টা শফি সামির সাথে সাক্ষাৎ করলেন জাতিসংঘ দূত
কৃষি উপদেষ্টা সিএম শফি সামির সাথে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব কফি আনানের বিশেষ দূত ক্রেইগ জেনিস।
বৃহস্পতিবার দুপুরে সিএম শফি সামির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেইগ জেনিস বলেন, “বাংলাদেশের সব রাজনৈতিক দল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায়। আমি জাতিসংঘের মহাসচিবের বার্তা নিয়ে বাংলাদেশে এসেছি। এদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব উদ্বিগ্ন। তিনি চান বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হোক।”
এদিকে, উপদেষ্টা শফি সামি তাকে আশ্বস্ত করে বলেছেন, যেকোনো উপায়ে তারা সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ।
এছাড়া, তত্ত্বাবধায়ক সরকারের এক মাসের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে তাদের উৎসাহ দিয়েছেন ক্রেইগ, বলেন সামি।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়ে জাতিসংঘের বিশেষ দূত জেনিস উদ্বেগ প্রকাশ করে বিরাজমান সমস্যার দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছেন তার কাছে, সাংবাদিকদের একথা জানান শফি সামি।
ক্রেইগ মনে করেন, সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব। সংলাপের বিকল্প নেই। অনেক বড় বড় সমস্যা সংলাপের মাধ্যমে সমাধান করা যায়। এ প্রসঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাওয়ার অনুরোধ জানান তিনি।
উপদেষ্টা তার বক্তব্যের সাথে একমত পোষণ করে বলেন, “আমিও বিশ্বাস করি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়।”
উপদেষ্টা তাকে আশ্বস্ত করে বলেন, “যেকোনো উপায়ে সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধ পরিকর।”
উত্তরা তদন্ত কমিটির মতো আর কোনো কমিটি গঠন করা হবে কি না-সাংবাদিকদের সে প্রশ্নের জবাবে শফি সামি জানান, এ বিষয়ে পরে আলোচনা করা হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এক বক্তব্যের জবাবে তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা ষড়যন্ত্র করছি না। আমাদের বক্তব্য সংবিধান লঙ্ঘনের পর্যায়ে পড়ে না।”
রাষ্ট্রপতির সচিব মোখলেসুর রহমানকে শেখ হাসিনা ও খালেদা জিয়ার কাছে পাঠানো প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, রাজনৈতিক সঙ্কট নিরসনের প্রচেষ্টা স্বরূপ সচিবকে দুই নেত্রীর কাছে পাঠানো হয়েছে।
তবে তা উপদেষ্টাদের সাথে আলোচনা করে পাঠানো হলে আরও ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।
“আমরা কিছু ভালো কাজ করেছি, আরও ভালো কাজ করার জন্য দৃঢ় পদক্ষেপে ত্বরিত গতিতে এগিয়ে যেতে হবে,” তত্ত্বাবধায়ক সরকারের এক মাসের কাজের মুল্যায়ন এভাবেই করলেন শফি সামি।
