২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধান চায় জাতিসংঘ

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থার শান্তিপূর্ণ সমাধান চায় জাতিসংঘ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 01:44 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ক্রেইগ জেনিস বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মাহফুজুর রহমানের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন।

এক প্রশ্নের জবাবে জেনিস বলেন, ভারপ্রাপ্ত সিইসি তাদের জানিয়েছেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ।

জাতীয় সংসদ নির্বাচন ২১ জানুয়ারি ২০০৭ এ অনুষ্ঠানের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হবে বলে কমিশন তাদের জানিয়েছে বলেও তিনি জানান।

নির্বাচন কমিশন সংস্কারের বিষয় নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা এমন এক প্রশ্নের জবাবে জেনিস জানান, “আমরা সে বিষয়টিও নির্বাচন কমিশনকে অবহিত করেছি।”

সকাল পৌনে এগারোটা থেকে ভারপ্রাপ্ত সিইসির সাথে ঘণ্টাব্যাপী বৈঠকে জাতিসংঘ বিশেষ দূতের সাথে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়ান এবং সহকারী আবাসিক প্রতিনিধি নজির রহমান। অন্যান্য নির্বাচন কমিশনাররাও বৈঠকে উপস্থিত ছিলেন।