‘শান্তিপূর্ণ’ কর্মসূচিতে অবরুদ্ধ বঙ্গভবন
১৪ দলসহ জাতীয় পার্টি, এলডিপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট এবং জাকের পার্টিসহ কয়েকটি ইসলামী দলের বঙ্গভবন ঘেরাও কর্মসূচি বৃহস্পতিবার পালিত হয়েছে শান্তিপূর্ণভাবে।
১১ টি পয়েন্টে সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই ঘেরাও কর্মসূচি চলে। এরমধ্যে ১৪ দলের মূল মঞ্চ তৈরি করা হয়েছে গুলিস্তান মোড়ে। এখানে ১৪ দলের বিভিন্ন নেতাকর্মীরা বক্তব্য রেখেছেন। তারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হলে ১৪ দল আগামী নির্বাচনে অংশ নেবেনা।
প্রধান উপদেষ্টার পদ থেকে রাষ্ট্রপতি অধ্যাপক ড. উয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ, নির্বাচনের নতুন তফসিল ঘোষণা, নির্বাচন কমিশনের পূর্নাঙ্গ পুনর্গঠন, ভোটার তালিকা সংশোধন, দলীয় ভিত্তিতে নিয়োগ পাওয়া ৩০০ নির্বাচন কর্মকর্তার নিয়োগ বাতিলের দাবীতে এ কর্মসূচি পালিত হচ্ছে।
বঙ্গভবনের নিরাপত্তা রক্ষায় কয়েক হাজার পুলিশ দায়িত্ব পালন করছে। এছাড়া বঙ্গভবনে প্রবেশের সব কয়টি রাস্তা বুধবার রাতেই বন্ধ করে দেওয়া হয়েছে।
১৪ দল আগামী শনিবার পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারকে সময় বেধে দিয়েছে। এ সময়ের মধ্যে দাবি না মানলে রোববার থেকে আবারও লাগাতার অবরোধে শুরু হবে।
