বিটিভির খবরে ড. ইউনূসকে ছাপিয়ে রাষ্ট্রপতি
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বুধবার রাত আটটার সংবাদে আবারও চাতুর্যের পরিচয় দিয়েছে।
শুরুতে ড. ইউনূসের সংবর্ধনার খবর প্রচার করা হলেও কৌশলে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার খবর প্রচারে ব্যয় করা হয় মোট সময়ের এক তৃতীয়াংশ ।
ড. ইউনূসের সংবাদটি প্রচার করা হয় পাঁচ মিনিট ধরে। আর রাষ্ট্রপতির চারটি সংবাদ প্রচারে ১০ মিনিট পর্যন্ত সময় বরাদ্দ করা হয়।
সংবাদগুলো ছিলো রাষ্ট্রপতির সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের সাক্ষাত, তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক ও নির্বাচন কমিশন সচিব আবদুর রশীদ সরকারের সঙ্গে বৈঠক।
দ্বিতীয় শীর্ষ সংবাদ ছিল আন্তঃমন্ত্রণালয় বৈঠক নিয়ে।
১৪ দলের বিক্ষোভ সমাবেশের খবর আট নম্বরে স্থান পায়। বরাদ্দ ছিলো এক মিনিট। কিন্তু পরের সংবাদে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশনের বৈঠকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থিতি ও ভাষণ প্রচার করা হয় দেড় মিনিট ধরে।
উপদেষ্টা সুলতানা কামালের একটি বৈঠকের খবর ছিল ১৩ নম্বর স্থানে। এর জন্য বরাদ্দ করা হয় এক মিনিট। এছাড়া শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ দূতের বৈঠকের সংবাদ এক মিনিট ধরে প্রচার করা হয়। সংবাদটি ছিল সাত নম্বরে।
৩০ মিনিটের সংবাদে ইয়াজউদ্দিন আহম্মেদের প্রধান উপদেষ্টার পদ গ্রহণের বিরুদ্ধে দায়ের করা রিট আবেদনের শুনানির খবরও স্থান পেয়েছে। সংবাদটি বেশ আলোচিত হলেও এটি ছিল দশম স্থানে।
অন্যান্য সংবাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর খবর বেশ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। ব্যাংক কর্মচারীদের সঙ্গে তাঁর মতবিনিময়ের খবরটি ২২ নম্বরে স্থান পেলেও সংবাদটির জন্য ব্যয় করা হয় দেড় মিনিট।
সংবাদে মোট ২৯ টি প্রতিবেদনের মধ্যে খেলার সংবাদ বাদে পাঁচটি আন্তর্জাতিক খবর ছয় মিনিট ধরে প্রচার করা হয়।
