২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ১৪টি হলের ডাইনিং দুই মাস ধরে বন্ধ

ঈদের ছুটিতে মাত্র ১২ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর ডাইনিং বন্ধ থাকার কথা থাকলেও প্রায় দুই মাসেও ১৪ টি আবাসিক হলের ডাইনিং খোলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বিপাকে পড়েছে হলে অবস্থানরত শিক্ষার্থীরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2006, 10:20 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

হলের আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুরাও চরম বিপদে পড়েছে।

অনুসন্ধানে জানা গেছে, ঈদ-উল-ফিতরের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলের ডাইনিং ২০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। ১ নভেম্বর বিশ্ববিদ্যালয় খোলার দিন ডাইনিং যথারীতি চালু হওয়ার কথা থাকলেও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের ছুটি তিনদফা বাড়ায়।

ক্যাম্পাস খোলার মাত্র একদিন আগে হঠাৎ ছুটি বাড়ালেও কয়েক হাজার ছাত্র-ছাত্রী ক্লাস-পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসেন। কিন্তু হল ডাইনিং বন্ধ থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন। ছাত্রীরা কোনরকমে হলে রান্নার ব্যবস্থা করলেও ছাত্ররা বাধ্য হয়েই হোটেলের খাবার খাচ্ছেন। এর ফলে তাদের ব্যয়ও বেড়ে যাচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। এ পরিস্থিতে তাদের পড়াশোনায়ও মারাত্মক ব্যাঘাত ঘটছে।

হলের ডাইনিং খোলার ব্যাপারে যোগাযোগ করা হলের বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর আফরাউজ্জামান খান চৌধুরী সাংবাদিকদের জানান, ডাইনিং খোলার ব্যাপারে তারা সব হলের প্রভোস্টদের নিয়ে মিটিং করেছেন। ক্যাম্পাসের সকল ভোজনালয় কর্মচারী নেতাদের নিয়ে আলোচনা করে শীঘ্রই হল ডাইনিং খুলে দেওয়া হবে বলে তিনি জানান।