নোয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০
বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ নেতা-কর্মী আহত হয়েছেন সেনবাগ উপজেলা সদরে বৃহস্পতিবার।
আহতদের মধ্যে সেনবাগ পৌর যুবদল সভাপতি গোলাম সারওয়ার ও পৌর বিএনপি সভাপতি জাহিদুল হক সবুজ কমিশনারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া আহত বাচ্চু (২৬), করিম (২৮) ও আবু তাহেরকে (২৪) স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান বলেন, সকাল ৯টার দিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী মফিজুর রহমানের সমর্থকদের একটি মিছিল থেকে সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুককে উদ্দেশ্য করে উস্কানীমূলক স্লোগান দেয়া হতে থাকে। এসময় ফারুকের সমর্থকদের সঙ্গে মিছিলকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
পরে সেনবাগ থানা, প্রেসক্লাব ও হাসপাতাল মোড়ে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩ ঘণ্টা ধরে এই সংঘর্ষ চলে। এলাকায় অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
