২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি মামলায় ফারুক রহমান খালাস

বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত লেঃ কর্নেল (অবঃ) সৈয়দ ফারুক রহমানকে একটি অস্ত্র মামলায় খালাস, অন্য একটি অস্ত্র মামলায় ১০ বছর ৩ মাস ১৫ দিন সশ্রম কারাদন্ড ও অপর একটি বিস্ফোরক মামলায় খালাস দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2006, 06:27 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

মঙ্গলবার নাজিমউদ্দিন রোডের বিশেষ এজলাসে এ রায় দিয়েছেন ঢাকার ৫ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মোঃ মঞ্জুরুল বাছিদ। তবে কারাদন্ডের এ অস্ত্র মামলার রায়ে আদালত উল্লেখ করেছেন আসামীর হাজতকালের মেয়াদ এ দণ্ড থেকে বাদ যাবে।

প্রসঙ্গত কর্নেল ফারুক ১৯৯৬ সালের ১৩ আগস্ট গভীর রাতে সেনানিবাসের ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার হন। পরেরদিন তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

সেদিন ফারুককে গ্রেপ্তারের সময় একটি রিভলবার, একটি শটগান, একটি এয়ারগান, একটি কাঠের বাটযুক্ত ছুড়ি, ১৯০ রাউন্ড বন্দুকের গুলি, ১৭৬ রাউন্ড রিভলবারের গুলি, একটি পাকিস্তানী পাসপোর্টসহ একাধিক বাংলাদেশী পাসপোর্ট, একটি বন্দুকের লাইসেন্স ও একটি রিভলবারের লাইসেন্স উদ্ধার করা হয়।

আদালতের অনুমতি নিয়ে একই বছরের ১৮ আগস্ট বিকালে তার বাসা থেকে আটটি বুলেট ও সাবানের মোড়কে বেশ কিছু বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়। এ ব্যাপারে সেনানিবাস থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়। মামলার বিচারকালে ১৭ জন সাক্ষির মধ্যে আট জনের সাক্ষ্য নেওয়া হয়। খালাসের রায়ে বিচারক উল্লেখ করেন, “তৎকালীন সরকারের নির্দেশে মামলার সংখ্যা বৃদ্ধি করার মানসে ফারুকের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।”

একই বিচারক গত বছর বিরুদ্ধে বিদেশী মুদ্রা অবৈধভাবে নিজ হেফাজতে রাখার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় কর্নেল ফারুককে বেকসুর খালাস দিয়েছিলেন।