উত্তরার ঘটনা তদন্তে গঠিত কমিটিতে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত লঙ্ঘিত হয়েছে
তত্ত্বাবধায়ক সরকারের দুই উপদেষ্টা উত্তরার ওই বৈঠক নিয়ে গঠিত কমিটির কার্যপরিধিতে অন্য বিষয় অন্তর্ভুক্ত করাকে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছেন।
মঙ্গলবার বিকেলে আকবর আলী খান বলেন, “উত্তরার গোপন বৈঠক তদন্তে কমিটি গঠনে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত লংঘন করেছে সংস্থাপন মন্ত্রণালয়।”
একই কথা বলেছেন অন্য উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী। মঙ্গলবার সকালে সচিবালয়ের দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, “কেবলমাত্র উত্তরার ঘটনার জন্যই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য কোনো কিছুর জন্য নয়। তদন্ত কমিটির সঙ্গে আগের ঘটনা কেন জড়ানো হয়েছে সে সম্পর্কে আমি কিছু জানি না। তবে নতুন করে কিছু ঘটে থাকলে সেটা যিনি করেছেন তার দায়িত্ব তিনিই নেবেন।”
উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সোমবার তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম বলেছিলেন, শুধু উত্তরার ঘটনা তদন্তেই কমিটি হয়েছে।
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত না মেনে সংস্থাপন মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ উপদেষ্টা ড.আকবর আলী খান তা প্রত্যাখান করেছেন। তিনি বলেন, “উপদেষ্টা পরিষদ শুধু উত্তরার ঘটনা তদন্তের সিদ্ধান্ত নিয়েছে, অন্য কোনো ঘটনা নয়।”
উত্তরার বৈঠকের পর সাংবাদিকদের মাহমুদুর রহমান বলেছিলেন, তার আমন্ত্রণে যোগদানকারীদের বিরুদ্ধে তদন্ত করতে হলে অন্য ঘটনাও তদন্ত করতে হবে।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা বলেছেন, কমিটির কার্যপরিধিতে সরকারি কমকর্তাদের গতিবিধি তদন্তে হাওয়া ভবনের পাল্টা হিসেবে সুধা সদনের নাম অন্তর্ভুক্তিও আইনানুগ হয়নি। কারণ সুধা সদন শেখ হাসিনার আবাসিক বাড়ি অন্যদিকে হাওয়া ভবন হল খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়। এক্ষেত্রে ছয় মইনুল রোডে অবস্থিত খালেদা জিয়ার বাড়িটিই অন্তর্ভুক্ত হওয়া সঙ্গত ছিল। অন্যদিকে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের বাড়িটি এখন জাদুঘর। সেখানে যাওয়ার জন্য কারো বিরুদ্ধে তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টিই আপত্তিকর।
নামপ্রকাশে অনিচ্ছুক একজন সাবেক প্রধান বিচারপতি বলেছেন, “তদন্ত কমিটির পরিধি অতীতের ঘটনার সঙ্গে একীভূত করা হয়তো বেআইনী হয়নি। কিন্তু বিষয়টি কেউ হয়তো উদ্দেশ্যমূলক ভাবতে পারেন। একজন গ্রামবাসীর বিরুদ্ধে চুরির অভিযোগ তদন্তে যদি তার প্রতিবেশীর অতীত চুরি বা অন্য কোনো অপরাধের ঘটনাও তদন্ত করার নির্দেশ দেওয়া হয় তবে তাকে উদ্দেশ্যমূলক ভাবা যেতেই পারে।”
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উত্তরা বৈঠক এর ঘটনা তদন্তে কৃষি মন্ত্রণালয়ের সচিব এম আব্দুল আজিজকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়। অপর দুই সদস্য হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম ভুইয়া এবং আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী হাবিবুল আওয়াল। কমিটি সাত দিনের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট পেশ করার কথা রয়েছে।
সোমবার রাতে সংস্থাপন মন্ত্রণালয় থেকে কমিটির কার্যপরিধি নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে উল্লে¬খ করা হয়, ২৪ নভেম্বর উত্তরার আর্টিজানে অনুষ্ঠিত বৈঠকে যোগদানকারী কর্মকর্তাদের নামের তালিকা প্রণয়ন ও অপরাধ চিহ্নিত করতে হবে।
২০০১ সালে পান্ডা গার্ডেনে অনুষ্ঠিত সভায় অংশ গ্রহণকারীদের মধ্যে বর্তমানে কর্মরত কর্মকর্তাদের তালিকা তৈরি এবং তাদের অপরাধ চিহ্নিত করা, হাওয়া ভবন, সুধা সদন, ধানমন্ডির ৩২ নম্বর রোডের আওয়ামী লীগ কার্যালয়, নয়াপল্টনের বিএনপি অফিস, বঙ্গবন্ধু এভিনিউএর আওয়ামী লীগ কার্যালয়, তোপখানা রোডে জাতীয় পার্টির কার্যালয়, বড় মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়, বাড়িধারায় এলডিপির অফিস ও অন্যান্য স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয় এবং দলীয় নেতাদের বাসায় যাতায়াত করেছেন এমন কর্মকর্তাদের তালিকা তৈরী করে তাদের অপরাধ চিহ্নিত করার ক্ষমতাও দেয়া হয়েছে তদন্ত কমিটিকে।
