২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে ম্যাগজিনসহ ৫টি পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে রোববার রাতে ও সোমবার সকালে পাঁচটি পিস্তল, চারটি ম্যাগজিন ও একটি বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে বিডিআর।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2006, 07:54 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

চাঁপাইনবাবগঞ্জের ৩৯ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সারওয়ার শহীদ জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা সেতুর টোলঘরে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি পেঁয়াজ ভর্তি ট্রাকে (দিনাজপুর-ট-১১-০০৪৫) অভিযান চালিয়ে তিনটি পিস্তল উদ্ধার করা হয়।

এসময় ট্রাক চালক ও হেলপারসহ ছয়জনকে আটক করা হয়।

এরা হলো-রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুরের দুলাল হোসেন (৪০), দিগ্রামের ফরহাদ কবীর (২২), আটপুকুরের আতাউর রহমান (২৭), দায়ফুলির আজিজুল ইসলাম (৩০), সুলতানগঞ্জের ফারুক হোসেন (২২) ও শ্রীমন্তপুরের রুপচন্দ্র সিং (২৫)। তাদের কাছে পাঁচটি মোবাইল ফোনও পাওয়া যায়।

এদিকে সোমবার সকালে শহরের ঢাকা বাসস্ট্যান্ড থেকে পুলিশ আরও দুটি নাইন এম এম পিস্তল, চারটি ম্যাগজিন ও একটি বোমা উদ্ধার করা হয়। বাসস্ট্যান্ডের মিন্টু এন্টারপ্রাইজের টিকিট কাটতে আসা একজনের কাছে থাকা বালিশের ভেতরে এগুলো পাওয়া যায়। তল্লাশির সময় ওই ব্যক্তি পালিয়ে যায়।