পোলিও নির্মূল কর্মসূচি শুরু
স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার থেকে সারা দেশে পোলিও নির্মূল কর্মসূচি শুরু করেছে। কর্মসূচি অনুযায়ী, ৫ বছরের কম বয়সী প্রায় আড়াই কোটি শিশুকে পোলিও প্রতিষেধক খাওয়ানোর পরিকল্পনা রয়েছে।
চলতি বছর দেশে নতুন করে পোলিও সংক্রমণ দেখা দেয়ায় পাঁচ বছর বিরতির পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনে এই কর্মসূচি আবার শুরু করা হলো।
দেশে নতুন করে এ পর্যন্ত মোট ১৫ টি ওয়াইল্ড পোলিও আক্রান্ত শিশুকে শনাক্ত করা হয়েছে এবং গবেষণাগারে তা নিশ্চিত হয়েছে।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এক পদস্থ কর্মকর্তা বলেন, “পোলিও সংক্রমণ প্রতিরোধ করতে সর্বোচ্চ সংখ্যক শিশুকে এ কর্মসূচির আওতায় আনাই আমাদের লক্ষ্য। এমনকি মূল কর্মসূচি থেকে বাদ পড়া শিশুদের জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে গিয়েও টিকাদানের উদ্যোগ নিয়েছি।”
১৪ তম জাতীয় টিকাদান কর্মসূচির প্রথম রাউন্ড ছিলো শনিবার। এ দিন রাজধানী ঢাকার ৮০ শতাংশেরও বেশি শিশুকে টিকা খাওয়ানো হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন। কিন্তু প্রত্যন্ত অঞ্চলের চিত্র এ রকম নয়।
চলতি বছর গ্রাম অঞ্চলে নতুন করে ওয়াইল্ড পোলিও সংক্রমণের ধরা পরে। এর ফলে বাংলাদেশকে পোলিও সংক্রমণ মুক্ত ঘোষণার সম্ভবনা নষ্ট হয়ে গেলো।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, শেষ আট মাসে ১০ জেলার ১২ উপজেলায় শিশুদের নতুন করে পোলিও আক্রান্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে।
কোন দেশে পর পর তিন বছর পোলিও আক্রান্ত হওয়ার কোন ঘটনা না ঘটলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশটিকে পোলিওমুক্ত ঘোষণা করে থাকে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সীমান্ত সংলগ্ন ভারতীয় রাজ্যগুলোকেও অবশ্যই পোলিওমুক্ত রাখতে হবে।
এর আগে ২০০৫ সালে টিকাদান কর্মসূচি পালন করা হয়নি। কারণ আগের তিন বছর দেশে কারো পোলিও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
