খুলনা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন রোববার
খুলনা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন রোববার। চারদলীয় জোট সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য প্যানেল ও ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ নামে দুটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৭টি সম্পাদক পদ এবং ৭টি সদস্য পদ সহ মোট ১৪টি পদে দুটি প্যানেলের ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৭৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রোববার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে আদালত পাড়ায় উৎসবের আমেজ বিরাজ করছে।
চারদলীয় জোট সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাডভোকেট এস আর ফারুক ও সাধারণ সম্পাদক পদে মুন্সী আব্দুল হামিদ।
অপরদিকে ১৪ দল সমর্থিত প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন শিকদার ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আইয়ুব আলী শেখ।
