সাভারে শ্রমিক খুন, সড়ক অবরোধ, ভাংচুর
সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মো. শাহ্ আলম (৩২) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন আমিন বাজারের আলমার টেকে শনিবার দুপুরে।
এর পরপর বিক্ষুদ্ধ এলাকাবাসী তার লাশ নিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে মিছিল করে। এছাড়া ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচলও বন্ধ করে দেয় তারা। এতে সড়কটি দিয়ে প্রায় ২ ঘন্টা কোন যাবাহন চলাচল করতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসী জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে আলমারটেক এলাকায় সন্ত্রাসীরা শাহ্ আলমকে (৩২) ছুরিকাঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তিনি মারা যান। শাহ্ আলম দেওয়ানবাড়ীর নূর গনি মিয়ার ছেলে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ফুঁসে ওঠে। ২/৩ হাজার বিক্ষুদ্ধ মানুষ দুপুর ১টার দিকে শাহ্ আলমের লাশ নিয়ে মিছিল করে। ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাস স্ট্যান্ডের কাছে ব্যারিকেডও দেয় তারা।
এ সময় বিক্ষুদ্ধ জনতা ৬/৭টি গাড়ি ভাংচুর করে। সাভার থানা পুলিশ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ২ ঘন্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিকাল ৩টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহত শাহ আলমের বৃদ্ধ মা রাফাতুন নেছা শনিবার ভোরে সাভার থানায় সন্ত্রাসী মুখলেছুর রহমান (৪০), আনোয়ার হোসেন (৩২), আলম (২৭), পাপ্পু (৩০), নাছির উদ্দিন (২৫), মোস্তাকিন (২০), হিরন (৩৫) সহ অজ্ঞাত নামা আরো ২/৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমান জানান, পূর্ব শুত্রুতার জের ধরে তাকে হত্যা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
