গোপন বৈঠকে যোগ দেওয়া কর্মকর্তাদের শাস্তির দাবি
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার রাতে মাহমুদুর রহমানের উত্তরার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গোপন বৈঠকে যোগদানকারী আমলাদের বরখাস্ত করার দাবি জানিয়েছেন।
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ওই বৈঠকে যোগ দিয়ে এসব কর্মকর্তা চাকুরিবিধি এবং সরকারী নিয়মনীতি লঙ্ঘন করেছেন। তিনি অবিলম্বে তাদের বরখাস্ত করার জন্য রাষ্ট্রপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে দাবি জানান।
স্বরাষ্ট্র সচিব জহুরুল ইসলাম, স্থানীয় সরকারসচিব সফররাজ হোসেনসহ এ বৈঠকে যোগ দেওয়া অন্য আমলাদের অবিলম্বে চাকুরী থেকে বরখাস্ত করে নিরপেক্ষতা প্রমাণের জন্য রাষ্ট্রপতির কাছে ওবায়দুল কাদের আহবান জানান।
সংবাদ সম্মেলনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী আবু সাঈদ বলেন, “এখনও দেশে নির্বাচনী তফসিল ঘোষণার সময় হয়নি। ভোটার তালিকা সংশোধন ও ছাপানোর আগে কোন ক্রমেই নির্বাচনী তফসিল ঘোষণা করা যাবেনা। কারণ দেশে এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়নি।”
