জোট সরকারের তালিকা দিয়েই সন্ত্রাসবিরোধী অভিযান
জোট সরকারের তৈরি তালিকা দিয়েই সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিলেন স্বরাষ্ট্র সচিব।
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কার্যালয়ে রোববার সাংবাদিকদের স্বরাষ্ট্র সচিব জহুরুল ইসলাম বলেন, “সন্ত্রাসীদের যে তালিকা সরকারের হাতে রয়েছে সে অনুযায়ী গ্রেপ্তার অভিযান চলবে। এটা জোট সরকারের তৈরি হলেও সন্ত্রাসীদের তালিকা তৈরির সময় নিরপেক্ষতার দিকে নজর রাখা হয়েছে।”
স্বরাষ্ট্র সচিব বলেন, “পিচ্চি হান্নানকে কেউ আওয়ামী লীগ বা বিএনপির কর্মী বলবে না। সবাই জানে সে সন্ত্রাসী। এখন নতুন কোনো সন্ত্রাসীর নাম পেলে তা এই তালিকায় অন্তর্ভূক্ত করা হবে।”
সেনা নিয়োগ প্রসঙ্গে জহুরুল ইসলাম বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে যে চিঠি দেওয়া হয়েছে তা একটি প্রক্রিয়ার অংশ। প্রয়োজন হলে সরকার দেশে সেনা মোতায়েন করবে। বিদেশে শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। একইভাবে দেশের সংকটময় মুহূর্তেও তারা কাজ করতে পারবে।”
পুলিশের বদলি প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বিভাগের প্রত্যেক ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হবে। আগের জায়গায় কেউ থাকতে পারবেন না।
অস্ত্র উদ্ধারের ব্যাপারে জহুরুল হক বলেন, “কোনো ঘোষণা দিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার বা সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করা হবে না। যেকোন পরিস্থিতিতে তাৎক্ষনিকভাবে এই অভিযান শুরু হবে।”
