২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি উপাচার্যের পদত্যাগ দাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেনের পদত্যাগ, বিশ্ববিদ্যালয়ে চলমান গণনিয়োগ বাতিল ও তা বন্ধের দাবিতে রাবির চার সিন্ডিকেট সদস্য শুক্রবার সন্ধ্যায় উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2006, 08:17 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

একই দাবিতে শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা ও মুল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ সিনেট ভবনের সামনে অবস্থান ধর্মঘট এবং রোববার সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে। এ ছাড়া পরবর্তিতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও শিক্ষকরা হুমকি দিয়েছেন।

স্মারকলিপিতে স্বাক্ষরকারী সিন্ডিকেট সদস্যরা হলেন এ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, অধ্যাপক ডাক্তার রুস্তম উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. আবদুস সোবহান ও অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।

এদিকে শিক্ষক সমাজের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে রাবি শাখা ছাত্রলীগ, প্রগতিশীল ছাত্রজোটসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

স্মারকলিপিতে ওই চার শিক্ষক গত পাঁচ বছরে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জালিয়াতির ফিরিস্তি তুলে ধরেন। বিজ্ঞপ্তি প্রকাশ ছাড়াই ২৫৫টি শূণ্য পদের বিপরীতে ৫৪৬ জন কর্মচারিকে নিয়োগ দেওয়ার বিষয়টি সম্পূর্ণ অবৈধ বলে তাঁরা ওই স্মারকলিপিতে উল্লেখ করেন।

উপাচার্য শুধুমাত্র পকেট ভারী করতেই বর্তমান নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ এনে শিক্ষকরা বলেন, চলমান গণনিয়োগ বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন, শিক্ষক সমিতির গৃহীত সিদ্ধান্তসহ সবকিছুর প্রতি অবজ্ঞা প্রদর্শন করে ‘গণনিয়োগ প্রকল্প’ বাস্তবায়ন করা হচ্ছে।

এ ছাড়া ইতোমধ্যে নিয়োগকৃত ১০৭ কর্মকর্তা-কর্মচারীসহ ২৬ নভেম্বরের সিন্ডিকেট সভায় পাশ করার অপেক্ষায় থাকা সকল নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন চার সিন্ডিকেট সদস্যের দেওয়া স্মারকলিপি গ্রহণের সত্যতা স্বীকার করেছেন। তবে তিনি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এ ব্যাপারে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান।