২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শর্তসাপেক্ষে ছুটিতে যাচ্ছেন সিইসি: রাষ্ট্রপতি

প্রধান নির্বাচন কমিশনার শর্তসাপেক্ষে তিন মাসের ছুটিতে যেতে সম্মত হয়েছেন। জাতির উদ্দেশে এক ভাষণে বুধবার রাতে রাষ্ট্রপতি একথা জানিয়েছেন। এতে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। শর্ত অনুযায়ী বিচারপতি আজিজ দেশে থাকবেন এবং তাঁর “সার্বিক নিরাপত্তা ও সুবিধা রাষ্ট্র প্রদান করবে”। চৌদ্দ দল তাঁর ভাষণকে প্রত্যাখ্যান করে বলেছে, অবরোধ অব্যাহত থাকবে। এদিকে বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূইয়া রাষ্ট্রপতির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2006, 12:51 AM

Updated : 26 Apr 2022, 04:05 PM

প্রধান নির্বাচন কমিশনার শর্তসাপেক্ষে তিন মাসের ছুটিতে যেতে সম্মত হয়েছেন। জাতির উদ্দেশে এক ভাষণে বুধবার রাতে রাষ্ট্রপতি একথা জানিয়েছেন।

এতে চলমান রাজনৈতিক অচলাবস্থার অবসান হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ।

শর্ত অনুযায়ী বিচারপতি আজিজ দেশে থাকবেন এবং তাঁর “সার্বিক নিরাপত্তা ও সুবিধা রাষ্ট্র প্রদান করবে”।

বুধবার রাত ১১টা ৪২ মিনিট থেকে শুরু করে ১১টা ৫৮ মিনিট পর্যন্ত ১৬ মিনিটের জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, নির্বাচন কমিশন পুনর্গঠনে তিনি আরও দুজন নতুন নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন।

নির্বাচন কমিশন পুনর্গঠন তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের বাইরে বলে অভিহিত করে রাষ্ট্রপতি বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই “সাংবিধানিক এখতিয়ার বর্হিভূত কাজ” করার জন্য “আমার সরকারের উপর ক্রমাগত চাপ” আসতে থাকে।

তাঁর ভাষায় রাজনৈতিক কর্মসূচিতে জনদুর্ভোগ লাঘবে এবং দেশ ও গণতন্ত্রের স্বার্থে তাঁর সরকার নির্বাচন কমিশন পূনর্গঠনের সিদ্ধান্ত নেয় বলে প্রধান উপদেষ্টা ভাষণে বলেন। এই উদ্যোগ নেয়ার ক্ষেত্রে উপদেষ্টা পরিষদের সব সদস্য একমত হননি বলেও রাষ্ট্রপতি তাঁর ভাষণে জানান।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে বলেন, নির্বাচন কমিশন পূনর্গঠনে ব্যাপারে আলোচনার জন্য তিনি তিন উপদেষ্টাকে নির্বাচন কমিশনে পাঠান। প্রধান নির্বাচন কমিশনার এ ব্যাপারে জানাবেন বলে উপদেষ্টাদের মাধ্যমে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

“পরে আমি ব্যাক্তিগতভাবে তার সাথে টেলিফোনে আলাপ করি ।” সিইসির অপসারণের বিরোধিতাকারী রাজনৈতিক জোটের সঙ্গে আলোচনায় রাষ্ট্রপতি “উদ্ভূত পরিস্থিতিতে” তাঁর সিদ্ধান্তের কথা তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, সিইসি জাতির প্রতি শ্রদ্ধা দেখিয়ে শর্তসাপেক্ষে তিন মাসের ছুটিতে যেতে সম্মত হন।

সংবিধানে বেঁধে দেয়া ৯০ দিনের সময়সীমার মধ্যে নবম জাতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সরকারের সব কর্মকান্ড পরিচালিত হচ্ছে দাবি করে রাষ্ট্রপতি বলেন, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই সরকার নিচ্ছে। নির্বাচন কমিশন পূনর্গঠনের পর নির্বাচন বিষয়ক কোন অভিযোগ, অনুযোগ ও দাবি থাকলে তা নির্বাচন কমিশনে জানাতে অনুরোধ করেন।

এ প্রসঙ্গে তিনি চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল এবং সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপ-সচিব পর্যায়ে নিয়োগ ও বদলী, মাঠ প্রশাসনে বিভাগীয় কমিশনার, জেলা প্রাশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়োগ, বদলী ও প্রত্যাহারের কথা উল্লেখ করেন।

পুলিশ প্রশাসনে রদবদল ও নির্বাচন সংশ্লিষ্ট স্পর্শকাতর পদে নতুন নিয়োগ সুষ্ঠ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক হবে বলে রাষ্ট্রপতি তাঁর ভাষণে জানান। সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে নিরপেক্ষভাবে সংবাদ প্রচারের জন্য সরকারেরর পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ভাষণের শুরুতেই ইয়াজউদ্দিন বলেন, প্রধান উপদেষ্টার পদ গ্রহণের কোন ইচ্ছা তাঁর ছিলো না। “সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা ও রাজনৈতিক সংঘাত এড়াতে” এই দায়িত্ব গ্রহণ করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে তিনি বদ্ধপরিকর।

নির্বাচন কমিশন পুনর্গঠনের মাধ্যমে রাজনৈতিক সংকট কেটে যাবে আশা প্রকাশ করে তিনি জানান, এর পর আর কেউ এমন কোন কর্মসূচি দেবে না, যা জনদূর্ভোগ বাড়ায় ও দেশের অর্থনীতির ক্ষতি করে।

সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন।