রাষ্ট্রপতির ভাষণে হতাশ ১৪ দল, অবরোধ চলবে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজের শর্তসাপেক্ষে তিন মাসের ছুটিতে যাওয়ার ব্যাপারে রাষ্ট্রপতির ঘোষণায় হতাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সিনিয়র নেতারা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, রাষ্ট্রপতির বক্তব্য অস্পষ্ট ও ভাসা ভাসা। মধ্যরাতে তাঁর এই ভাষণ রহস্যজনক।
জলিল বলেন, রাষ্ট্রপতি যে প্রশাসনিক সংস্কারের কথা বলেছেন সেটা তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ নয়। তিনি নীলনকশার প্রশাসন বজায় রেখেছেন।
নির্বাচন কমিশনে এখনও বিতর্কিত ব্যক্তিরাই রয়ে গেছেন উল্লেখ করে জলিল বলেন, “এদেরকে রেখে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয। আমাদের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠন অসম্পূর্ণ রয়েছে। কাজেই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। বৃহস্পতিবার ১৪ দলের আন্দোলন বিজয় উৎসবে পরিণত হবে।”
জলিল জানান, বৃহস্পতিবার আওয়ামী লীগ তার শরীক দলগুলোর সঙ্গে আলোচনা করে আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণ করবে।
ধানমণ্ডিতে আওযামী লীগের দলীয় কার্যালয়ে বুধবার রাতে জাসদ নেতা হাসানুল হক ইনু ও রোকনউদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
দলের প্রেসিডিয়াম সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তত্ত্বাধায়ক সরকারের প্রধান হিসেবে রাষ্ট্রপতির ক্ষমতা সমষ্টিগত। তিনি সংবিধান অনুযায়ী এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। দাযিত্ব নেওয়ার পর এ পর্যন্ত তাঁর সব একক সিদ্ধান্ত অসাংবিধানিক।
সুরঞ্জিত আরও বলেন, “আজিজ গেছেন, এটা জনগণের আংশিক বিজয়। আমরা প্রযোজনে আন্দোলনের মাধ্যমেই আমাদের ১১দফা দাবি আদায় করবো।”
এদিকে এর আগে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে আওযামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিলও সিইসির সরে দাঁড়ানোর ‘খবর'কে জনগণের আন্দোলনের বিজয় বলে অভিহিত করেন। তবে “বিতর্কিত কাউকে” নির্বাচন কমিশনার করা হলে তা প্রতিহত করার হুমকি দেন তিনি।
“আমরা সিইসি এম এ আজিজের ছুটিতে যাওয়ার কথা শুনেছি। এটা নিঃসন্দেহে জনগণের আন্দোলনেরই বিজয়।”
“(আমরা রাষ্ট্রপতিকে ) সিইসি, বিতর্কিত সম জাকারিয়া এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের অপসারণের কথা বলেছি।”
“কোনো আলোচনা ছাড়াই দুজন নির্বাচন কমিশনার নিয়োগের সিদ্ধান্ত হয়েছে বলে শোনা গেছে। কিন্তু বিতর্কিত কাউকে নিয়োগ দেওয়া হলে আমরা তা মেনে নেবো না।”
