২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ রাত সাড়ে ১১টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বলে জানিয়েছে বঙ্গভবনের একটি সূত্র।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2006, 11:07 PM

Updated : 26 Apr 2022, 04:05 PM

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এ আজিজ তিন মাসের ছুটিতে যেতে রাজি হয়েছেন বলে জানান তথ্য উপদেষ্টা মাহবুবুল আলম।

উপদেষ্টা অবশ্য জানান, সিইসি মৌখিকভাবে রাষ্ট্রপতিকে একথা জানালেও আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেননি।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

মাহবুবুল আলম বলেন, “আমরা সিইসির সঙ্গে আলোচনা করেছি। তিনি মৌখিকভাবে ছুটিতে যেতে রাজি হয়েছেন।”

‘কখন তিনি ছুটিতে যাবেন’-সাংবাদিকদের এ প্রশ্নের উত্তরে তথ্য উপদেষ্টা বলেন, “যখন তিনি আনুষ্ঠানিকভাবে আমাদের জানাবেন, তখন।”

তিনি তখন জানান, সিইসির কাছ থেকে পদত্যাগ পত্র পাওয়ার পর রাষ্ট্রপতি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

তবে আরও দুই নির্বাচন কমিশনার নিয়োগের ব্যাপারে তিনি বলেন, “আমি এ ব্যাপারে কিছুই জানি না। কেবল রাষ্ট্রপতিই সেটা বলতে পারবেন।”

তথ্য উপদেষ্টা বলেন, “প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়া গেলেই আমরা অন্য বিষয়গুলোর দিকে দ্রুত এগুতে পারবো।”

৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও বিষয়টির সুরাহা হলো না-এ প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, “যেকোনো মুহূূর্তে রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবেন।”

‘পরবর্তী নির্বাচন কমিশনার কে হচ্ছেন’-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, নিয়মানুযায়ী রাষ্ট্রপতিই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আজিজুল হক ও সুলতানা কামাল।

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত প্রায় পৌণে দুই ঘণ্টা ধরে উপদেষ্টা পরিষদের বৈঠকে দেশের রাজনৈতিক অচলাবস্থা, প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজের ছুটি, ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার, দুজন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ ও নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ ছাড়াও বৈঠকে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়েও আলোচনা হয়।

সারাদিনেও নিজ কার্যালয়ে আসেননি সিইসি আজিজ

সিইসি এম এ আজিজ বুধবার সারাদিন নির্বাচন কমিশন কার্যালয়ে আসেননি। সাধারণত সকাল পৌণে নয়টার মধ্যে তিনি নিজ দপ্তরে চলে আসেন।

নিজ কার্যালয়ে না আসায় সিইসির সরে দাঁড়ানোর বিষয়টি নিয়ে সারাদিন অনেক ধরনের গুজব শোনা যায়।

এদিকে বুধবার দুপুর তিনটায় সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি জানানোর কথা থাকলেও পরে অজ্ঞাত কারণে তা বাতিল করা হয়। নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম আসাদুজ্জামান ৩টায় কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সংবাদ সম্মেলন করবেন বললেও কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া ৪টার কিছু পরে জানিয়ে দেন যে সংবাদ সম্মেলন হচ্ছে না।

এর আগে সচিব আব্দুর রশীদ সরকার দুপুর দেড়টায় তার কার্যালয় থেকে বেরিয়ে যান। সিইসির চিঠি নিয়ে বঙ্গভবনে যাচ্ছেন কিনা টেলিফোনে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে তিনি বলেন, “আমি কোনো চিঠি নিয়ে যাচ্ছি না, বঙ্গভবনেও যাচ্ছি না।”

এদিকে নির্বাচন কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো জানায়, সিইসির পদ থেকে সাময়িক বা স্থায়ীভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়ে বঙ্গভবনে চিঠি পাঠাবেন এম এ আজিজ। তাঁর সেই চিঠি নিয়ে কোন নির্বাচন কমিশনার বঙ্গভবনে যাচ্ছেন সে প্রশ্নের জবাবে সচিব বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না।”

অবশ্য অতিরিক্ত সচিব মোহাম্মাদ জকরিয়া সাংবাদিকদের জানান, সচিব আব্দুর রশীদ ঠিকই বঙ্গভবনে সরকারি কোনো কাজে গেছেন। তিনি বলেন, “সচিব সেখানে সরকারি কাজে আটকে পড়েছেন বলেই নির্ধারিত সংবাদ সম্মেলনটি হচ্ছে না।”

সিইসি দীর্ঘমেয়াদি ছুটিতে আছেন কিনা-জানতে চাইলে জকরিয়া বলেন, “এ বিষয়ে আমি গতকাল (মঙ্গলবার) পর্যন্ত কিছু জানতাম না। আজ (বুধবার) অফিসে এসে আমি জানতে পারি যে ঊনি ছুটিতে আছেন।”

তিনি আরও বলেন, “ছুটিতে যেতে চাইলে তিনি যেকোনো সময় যেতে পারেন।”

এদিকে নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান সিইসির পদত্যাগ ও কমিশন সংস্কারের ব্যাপারে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান। তিনি কমিশনের কার্যালয় ত্যাগ করার আগে বিকাল পৌণে ৪টায় গাড়ি বারান্দায় অপেক্ষমান সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হন।

বিচারপতি মাহফুজ বলেন, “সিইসির কোনো সিদ্ধান্ত পাইনি। ঊনি কি করছেন, জানি না। ওনার সঙ্গে টেলিফোনেও কথা হয়নি।”

এক প্রশ্নের জবাবে মাহফুজ বলেন, “সিইসি কেনো অফিসে আসেন না, তার খবর নেইনি; এ খবর নেওয়া যায় না।”

‘আপনি ভারপ্রাপ্ত সিইসি হচ্ছেন কি না’-এ প্রশ্নের জবাবে কমিশনার মাহফুজ বলেন, “সিইসি চলে গেছেন, এমন খবর পেলে দায়িত্ব নেওয়া যায়; খবর না পেলে তো দায়িত্ব নেওয়া যায় না।”

আপনিই ভারপ্রাপ্ত সিইসি হচ্ছেন, এমন কোনো খবর আছে কি না, জানতে চাওয়া হলে কমিশানার হেসে বলেন, “না।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে তিন উপদেষ্টার সঙ্গে আলোচনার পর বুধবারের মধ্যেই সিইসির সিদ্ধান্ত জানানোর কথা ছিল।