অফিসার-কর্মচারি ঐক্য পরিষদের ধর্মঘটে রাবি অচল
পাঁচ দফা দাবিতে অফিসার-কর্মচারি ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয় ছিল অচল।
সকালে কর্মচারিরা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে সেখানে অবস্থান নেয়। এ সময় তারা প্রশাসন ভবনের প্রধান ফটক বন্ধ করে দেয়। ধর্মঘট চলাকালে উপাচার্য ও উপ-উপাচার্য দফতর ছাড়া প্রশাসন ভবনের সকল দফতর বন্ধ ছিল। কোন বিভাগেই কোন কোনো কাজ হয়নি। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি, মেইন গেটসহ সব একাডেমিক ভবনের প্রধান ফটক বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় পরিবহনের কোন গাড়ি চলাচল করেনি।
এদিকে জনসংযোগ দফতরের প্রশাসক আবু বকর সিদ্দিক ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অফিসার-কর্মচারি ঐক্য পরিষদের পাঁচ দফা দাবি শীঘ্রই আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
উল্লেখ্য, কর্মকর্তা-কর্মচারিদের চাকরির বয়স ৬৫ বছরে উন্নীত, কর্তনকৃত ২০ শতাংশ পেনশনভাতা ফেরত, নিয়োগে পোষ্যকোটা সংরক্ষণ, সমিতির সকল বিষয় দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান এবং সিন্ডিকেট অনুমোদিত ৩১ সহায়ক কর্মচারির নিয়োগ চূড়ান্ত করার দাবিতে ১৯ নভেম্বর থেকে অফিসার-কর্মচারি ঐক্য পরিষদ ক্যাম্পাসে পাঁচ দিনব্যাপী ধর্মঘট কর্মসূচি ঘোষণা করে।
