বিটিভিতে সশস্ত্র বাহিনীর প্রাধান্য
রাজনৈতিক অচলাবস্থা নিরসনের আশায় ইতিবাচক কোনো সিদ্ধান্তের কথা জানার ব্যাপারে দর্শকদের মধ্যে আগ্রহ থাকলেও মঙ্গলবার বিটিভির ৮টার সংবাদে এর কোনো প্রতিফলন দেখা যায়নি।
২৪ মিনিটের খবরে আন্তর্জাতিক ও খেলাধূলাসহ মোট ২২টি খবর প্রচারিত হয়।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খবরে ছিল তাদেরই প্রাধান্য। এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানের জন্য শীর্ষ খবরসহ দুই দফায় বরাদ্দ ছিল মোট পাঁচ মিনিট ১৫ সেকেন্ড।
বিটিভির খবরের ধরন অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় খবর হিসেবে আসে রাষ্ট্রপতির সঙ্গে দেলওয়ার হোসেন সাঈদীর নেতৃত্বে আল্লামা মাশায়েখদের এবং সফররত ব্রিটিশ অ্যাডমিরাল চার্লস স্টাইলের সাক্ষাতের খবর। স্থায়ীত্ব ছিল যথাক্রমে এক মিনিট ও এক মিনিট ২০ সেকেন্ড।
তবে শীর্ষ পাঁচে জায়গা করে নেয় সারাদেশে অবরোধ এবং চট্টগ্রামে এলডিপির সঙ্গে বিএনপির সংঘর্ষের খবর।
ঢাকার বিভিন্ন জায়গায় চার দলের বিক্ষোভ সমাবেশ এবং ১৪ দলের সংবাদ সম্মেলনের খবর আসে এর পরেই। সময় বরাদ্দ ছিল যথাক্রমে এক মিনিট ২০ সেকেন্ড ও ৫০ সেকেন্ড।
সিইসির তৎপরতা নিয়ে দর্শকদের বেশ আগ্রহ থাকলেও তার সঙ্গে জাপানি ও অস্ট্রেলিয় রাষ্ট্রদূতের সাক্ষাতকারের খবর প্রচারিত হয় নয় নম্বরে। সময় বরাদ্দ ছিল ৩৫ সেকেন্ড।
আসন্ন হজ উপলক্ষে তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তুতির খবরে যথেষ্ট সময় দেয় বিটিভি, বরাদ্দ ছিল এক মিনিট ২০ সেকেন্ড। তবে খবরটি আসে ১০ নম্বরে। গণপূর্ত উপদেষ্টার সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাতকারের খবর চলে যায় আন্তর্জাতিক খবরের পরে।
অন্যান্য খবরের মধ্যে ছিল নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে ওয়াশিংটনে সংবর্ধনা দান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও বঙ্গভবনের কাছাকাছি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার ইত্যাদি।
