পটিয়ায় বিএনপি-এলডিপি সংঘর্ষ, নিহত ২
জেলার পটিয়ায় মঙ্গলবার স্থানীয় বিএনপি ও এলডিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে একটি জীপের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত দুজনকে উভয় দলই নিজেদের কর্মী বলে পরিচয় দিয়েছে।
একই সময়ে সমাবেশে যোগ দিতে এসে এলডিপির নির্বাহী সভাপতি কর্নেল অলি আহম্মেদের গাড়ি বহরও হামলার শিকার হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়ার বিএনপি নেতা-কর্মীরা অলির সমাবেশ শুরুর আগে বিকেল সাড়ে তিনটার দিকে মইজ্জার টেকে একটি মিছিল বের করে। এসময় সমাবেশে যোগ দিতে আসা অলির সমর্থকবাহী একটি জীপ বিএনপি কর্মীদের মিছিলের ওপর উঠে পড়লে শাহ আলম (২৫) ও নেছার (২৪) নামে দুই বিএনপি কর্মী গুরুতর আহত হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। একই ঘটনায় আবু ছামা নামে অপর এক বিএনপি কর্মী আহত হয়।
ঘটনার পর এলডিপি সভাপতি কর্নেল অলি অক্ষত অবস্থায়ই সমাবেশ শেষ করেন। কিন্তু মইজ্জার টেকের ঘটনার জের ধরে বিএনপি কর্মীরা বাদামতলী ও চৌমুহনী এলাকায় ব্যারিকেড দিলে উপজেলা পল্লী বিদ্যুত কার্যালয়ে তিনি দীর্ঘ সময় আটকা পড়েন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ পাহারায় তিনি নগরীতে ফিরে আসেন।
এ ব্যাপারে পটিয়া উপজেলা বিএনপি নেতা ও সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল অভিযোগ করে বলেন, “এলডিপি নেতা মোহাম্মদ এয়াকুব ও তার সমর্থকরা আমাদের মিছিলে গাড়ি তুলে দিয়ে দুই বিএনপি কর্মীকে হত্যা করেছে।”
তবে এলডিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শাহদাত হোসেন সেলিম এ অভিযোগ অস্বীকার করে বলেন, “সাবেক সাংসদ গাজী জুয়েলের বাড়ির সামনে এলডিপির একটি মিছিল এসে পৌঁছালে বিএনপি কর্মীরা হামলা চালায়। এতে আমাদেরই দুই সমর্থক গাড়ি চাপায় নিহত হয়।”
সেলিম আরো জানান, কর্ণেল অলি বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেবেন।
এদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। নগরীর পাহাড়তলী অলংকার মোড়ে দুপুর পৌনে ২ টার দিকে ১৪ দল ও ৪ দলের কর্মীদের মধ্যে প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে নগরীর দেওয়ানহাট মোড়ে বিকেল ৪ টার দিকে উভয় পক্ষের মধ্যে দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এসময় ব্যাপক ভাংচুরের ঘটনা ঘটে।
