২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওয়া ভবনের গডফাদাররা অস্ত্র নিয়ে আসছে: জলিল

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আবদুল জলিল অভিযোগ করেছেন, নির্বাচন সামনে রেখে হাওয়া ভবনকেন্দ্রীক গডফাদাররা নির্দিষ্ট রুট দিয়ে অস্ত্র নিয়ে আসছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2006, 06:39 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

মঙ্গলবার বিকেলে গুলশানে তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে জলিল বলেন, দিন বাড়ার সঙ্গে সঙ্গে আন্দোলন কর্মসূচিতে জনসমাগমও বাড়ছে। এতে বোঝা যায় একটি গণবিপ্লব অবশ্যম্ভাবী। মঙ্গলবার রাত ৮টায় চরমোনাই পীর দেখা করে আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন বলে আবদুল জলিল জানান।

জলিল একজন দক্ষ উপদেষ্টার হাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উদ্দেশে আহ্বান জানান। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বর্তমান সংকটের একটি সমাধান আসবে বলে আশা প্রকাশ করেন। তবে নির্বাচন কমিশন থেকে সিইসি এম এ আজিজ এবং স ম জাকারিয়ারা অপসারিত না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলেও তিনি জোরারোপ করেন।

সোমবার উপদেষ্টাদের সঙ্গে চার রাষ্ট্রদূতের সাক্ষাতের কথা উল্লেখ করে জলিল বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আন্তর্জাতিক সাহায্য বন্ধ হয়ে যাবে। জলিল অভিযোগ করেন, ষড়যন্ত্রের পথ বন্ধ হয়ে যাচ্ছে বলে খালেদা জিয়া নির্বাচনী তফশিল ঘোষণার জন্য চাপ দিচ্ছেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে আওয়ামী লীগ নেতা বলেন, সোমবার জামাত শিবিরের কর্মীরা অস্ত্র নিয়ে রাজধানীতে মহড়া দিয়েছে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে আটকের পরও ছেড়ে দেওয়া হয়েছে। সারা দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়েছে। তিনি স্বরাষ্ট্র সচিব পরিবর্তনের জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

আওয়ামী লীগ সমর্থক পরিচয়ে সাবেক দুই আমলা প্রশাসনকে নিরপেক্ষ করার প্রয়োজনে সেখানে রদবদলের জন্য রাষ্ট্রপতির উদ্দেশে আহ্বান জানিয়েছেন বলে পত্রিকায় প্রকাশিত খবর প্রসঙ্গে জলিল বলেন, এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।

সংবাদ সম্মেলনে আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।