রাবিতে কর্মচারীদের ধর্মঘট অব্যাহত
পাঁচ দফা দাবিতে অফিস-কর্মচারী ঐক্য পরিষদের ডাকা পাঁচদিনের ধর্মঘট সোমবার দ্বিতীয় দিনের মতো স্বতঃস্ফুর্তভাবে পালিত হয়েছে।
সকাল থেকেই পরিষদের নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন। ধর্মঘটের কারণে কেন্দ্রীয় লাইব্রেরী বন্ধ ছিল। প্রশাসনিক ভবন খোলা থাকলেও কার্যক্রম হয়েছে কম।
পরে অফিসার কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি মীর্জা ওয়াজেদ হোসেন বেগের নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপ-উপাচার্য প্রফেসর মামানুনুল কেরামতের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়া জানিয়েছেন। এ সময় উপ-উপাচার্য তাদের দাবি পূরণের আশ্বাস দেন।
ঐক্য পরিষদ চাকরির বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি, কর্তনকৃত ২০ শতাংশ বেতন ফেরৎ, সিন্ডিকেট অনুমোদিত ৩১ জন সহায়ক কর্মচারীর নিয়োগ চুড়ান্ত করা, চাকরির ক্ষেত্রে পোষ্য কোটা সংরক্ষণ ও স্ব-স্ব সমিতির দাবি আলোচনার মাধ্যমে সমাধানের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে।
এদিকে দেশব্যাপী ১৪ দলের ডাকা অবরোধের কারণে ক্যাম্পাসের কোন বাস চলেনি। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের প্রথম বর্ষে ফরম জমাদানকারী ছাড়া ক্যাম্পাসে উপস্থিতি ছিল না বললেই চলে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় সাধারণ শিক্ষার্থীর সংখ্যাও ছিল হাতে গোণা।
