বিটিভি ও বেতারের সংবাদ নিয়ে দর্শক ফোরামের উদ্বেগ
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে নিরপেক্ষ সংবাদ প্রচার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরাম। শান্তিনগরের কার্যালয়ে ফোরামের প্রথম সভায় রোববার এ উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় বক্তারা তত্ত্বাবধায়ক সরকারের সংবাদ প্রচারের নীতিমালা অনুসরণের জন্য বিটিভি ও বেতার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। ।
বিটিভি এবং বেতারসহ দেশের কয়েকটি বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংবাদ প্রচারের ধরণ নিয়েও সভায় আলোচনা হয়। শুধু তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডই নয় বরং দেশের সব রাজনৈতিক দলের সংবাদ প্রচারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা আহ্বান জানান। উস্কানিমূলক সংবাদ প্রচার থেকে বিরত থাকতেও সব সম্প্রচার মাধ্যমের প্রতি অনুরোধ জানান তারা ।
বক্তারা বলেন, তিন মাসের মধ্যে টেলিফোন ও ই-মেইলের মাধ্যমে টিভি দর্শক জরিপ পরিচালনার জন্য ঢাকা মহানগর কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। সভায় একটি উপদেষ্টা মণ্ডলী গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, সদস্য সচিব সাহাবউদ্দিন সাহাব, দিলদার হোসেন, আকতার হোসেন রিন্টু, আইয়ুব আনসারী, শপথ চৌধুরী, আহমেদ সিরাজ, তানভীর রহমান শিবলী, শফিকুল আলম মিলন, হাসান শামীম, সুহৃদ জাহাঙ্গীর, শফিউল্লাহ সুমন প্রমুখ।
