২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াজিউল্লাহর ঘাতক পুলিশ ভ্যানটি আটক, গ্রেপ্তার হয়নি চালক

হত্যাকাণ্ডের তিনদিন পর আওয়ামীলীগ কর্মী ওয়াজিউল্লাহর ঘাতক পুলিশ ভ্যানটি বুধবার পুলিশ আটক করলেও চালক পুলিশ কনস্টেবল সিদ্দিককে বৃহষ্পতিবার পর্যন্ত গ্রেফতার করা হয়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 04:04 PM

চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হলেও এর কার্যক্রমে কোনো অগ্রগতি নেই বলে পুলিশ সূত্র জানিয়েছে।

ঘটনার তদন্ত কর্মকর্তা রমনা থানার এস আই নূরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, “আমি ঘাতক পুলিশ ভ্যানটি রাজারবাগ পুলিশলাইন থেকে আটক করেছি এবং তদন্ত কমিটির নির্দেশ ও পরামর্শ অনুযায়ী কাজ করছি।” তিনি জানান, ঘটনা অবহিত করে বিআরটিএ’র কাছে একটি চিঠি লেখা হয়েছে এবং ওই ভ্যানটির ব্যাপারে তথ্য চাওয়া হয়েছে। তবে কনস্টেবল সিদ্দিকের গ্রেফতার ও তাকে জিজ্ঞাসাবাদ সম্পর্কে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান এবং প্রয়োজনে ওসির সাথে কথা বলার পরামর্শ দেন।

রমনা থানার ওসি মাহবুবুর রহমান জানান, “কনস্টেবল সিদ্দিককে আটক বা গ্রেফতার কিছুই করা হয়নি। তিনি রাজারবাগ পুলিশলাইনে আছেন।” তিনি বলেন, যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই তদন্ত শেষ হলে তার ভাগ্য নির্ধারিত হবে।

গত ১৩ নভেম্বর দুপুরে একটি পুলিশ ভ্যান কারওয়ান বাজারে অবরোধকারীদের উপর উঠিয়ে দেওয়া হলে ওয়াজিউল্লার মৃত্যু হয়। পরদিন ১৪ নভেম্বর চার সদস্যের একটি তদন্ত কমিটিও গঠিত হয়। আওয়ামীলীগ এঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করে হত্যাকারী পুলিশ কর্মকর্তাদের শাস্তি দাবী করেছে।

পুলিশের মহাপরিদর্শক খোদা বখ্স চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি এব্যাপারে কিছু বলতে অস্বীকৃতি জানান এবং মিডিয়া সেলের সাথে যোগাযোগের পরামর্শ দেন। তথ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানান, মামলার তদন্ত চলছে, তবে বলার মতো কোন অগ্রগতি নেই। তদন্তের স্বার্থে প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা চলছে।