উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকা পরিদর্শনে উপদেষ্টা হাসান মশহুদ
‘‘আমাদের প্রত্যেককে অন্ততঃ একটি করে বড় এবং ভাল কাজ করতে হবে। উত্তরাঞ্চলের মঙ্গা মোকাবেলার জন্য প্রশাসনকে নিরপেক্ষ থেকে দরিদ্র মানুষের কাছে তাদের প্রাপ্য পৌঁছে দিতে হবে”-তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী বুধবার উত্তরাঞ্চলের মঙ্গাপীড়িত এলাকা সফরে গিয়ে এ কথা বলেন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ, যোগাযোগ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান মশহুদ চৌধূরী আরও বলেন, “অতীতে কি ঘটেছে তা আপনারা সবাই জানেন। বর্তমান সরকারের কার্যকালে তেমনটি ঘটবে না।”
বুধবার দুপুর ১২ টার দিকে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা ও এনজিও কর্মকর্তাদের নিয়ে এক সভায় যোগ দেন উপদেষ্টা। তিনি আগামী ৩ মাস সকল ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে প্রশাসনের সবাইকে নির্দেশ দেন।
উপদেষ্টা বলেন, এ অঞ্চলে মঙ্গা আছে। বিশেষ করে চরাঞ্চলে অভাব বেশী। কাজেই দ্রুত টিআর-প্রকল্পের কাজ শুরু করতে হবে। কেউ যেন না খেয়ে মারা না যায় তা দেখতে হবে। কুড়িগ্রাম জেলার জন্য তিনটি সমস্যা, আর তা হল মঙ্গা, শীত ও নদী ভাঙন।
এসব সমস্যা সমাধানে তিনি সরকারি এবং বেসরকারি সংগঠনের মধ্যে সমন্বয়ের আহ্বান জানান। তিনি বলেন, “উপদেষ্টা হিসেবে তার মূল লক্ষ্য, খাদ্য সংকট দূর করা। আর বিদ্যুতের লোডশেডিং সহনীয় পর্যায়ে নিয়ে আসা।”
তিনি মঙ্গা মোকাবেলার জন্য আগামি সাতদিনের মধ্যে আমলাতান্ত্রিক জটিলতা দুর করে টিআর কর্মসূচি শুরু এবং শীতে যাতে দরিদ্র মানুষ কষ্ট না পায় তার জন্যে সংশ্লিষ্টদের প্রস্তুত থাকার নির্দেশ দেন।
উত্তরাঞ্চলের লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার মঙ্গা পরিস্থিতি দেখার জন্যে উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী হেলিকপ্টারযোগে সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে লালমনিরহাট আসেন। এখানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সদর উপজেলার মঙ্গা কবলিত খুনিয়াগাছ এলাকা পরিদর্শন করেন।
এরপর তিনি কুড়িগ্রামে এসে সদর উপজেলা চর যাত্রাপুর গ্রামে মঙ্গা পীড়িত লোকজনের সঙ্গে কথা বলেন। দুপুর আড়াইটার দিকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
উল্লেখ্য, উপদেষ্টাদের মধ্যে তিনিই প্রথম রাজধানী ঢাকার বাইরের কোন জেলা সফর করলেন।
