খুলনায় পুলিশের ‘ক্রসফায়ারে’ চরমপন্থী নেতা নিহত
নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দল নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির প্রধান পলাতক আসামী সুজিত মন্ডল ওরফে সুলতান বুধবার (৪২) পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত হয়েছে।
রাত সাড়ে তিনটায় জেলার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের খর্ণিয়া ব্রীজের কছে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রিভলবার ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এ সময় একজন দারোগা সহ তিন পুলিশ আহত হয়।
পুলিশ দাবি করে, “খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার কদমতলা গ্রামের কলীপদ মন্ডলের ছেলে সন্ত্রাসী সুজিত মন্ডল ওরফে সুলতানকে সাতক্ষীরা জেলার তালা উপজেলা থেকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। স্থানীয় থানায় জিজ্ঞাসাবাদ শেষে সুজিতকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দিলে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের খর্ণিয়া ব্রীজের কাছে আসলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশের উপর গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। সুযোগ বুঝে সুজিত পালানোর চেষ্টা করলে ‘ক্রসফায়ার’ এ পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত সুজিতের লাশ ময়না তদন্তের জন্য বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে।”
নিউ বিপ্লবী কমিউনিষ্ট পার্টির প্রধান মৃণাল ভারতে খুন হওয়ার পর পার্টি প্রধানের দায়িত্ব পালন করে নিহত সুজিত। সুজিতের বিরুদ্ধে খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন থানায় ৮টি হত্যা সহ চাঁদাবাজী, ছিনতাই, ডাকাতি অপহরণ, বোমা হামলা সহ ২৩টি মামলা রয়েছে।
