২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার দুই প্রেস সচিব এখন যায়যায়দিনে

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস অফিসের দুই শীর্ষ কর্মকর্তা দৈনিক যায়যায়দিন এ যোগ দিয়েছেন। এরা হচ্ছেন প্রেস সচিব তাজুল ইসলাম ও উপ প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2006, 05:36 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

গত ২৭ অক্টোবর বার্তা বিভাগের প্রধানসহ ১০৪ জন সাংবাদিক ও সংবাদকর্মীকে অব্যাহতি দেওয়ার পর পত্রিকাটিতে নতুন এ নিয়োগ দেওয়া হলো। বর্তমানে ১২ পৃষ্ঠা আকারে প্রকাশিত হচ্ছে শফিক রেহমান সম্পাদিত দৈনিকটি।

জানা গেছে, শফিক রেহমান আগামী এক সপ্তাহের মধ্যে পত্রিকাটি নিয়মিতভাবে ১৬ পৃষ্ঠার ব্রডশিটের সঙ্গে প্রতিদিন ১৬ পৃষ্ঠার ম্যাগাজিন এবং সাপ্তাহিক যায়যায়দিনের আদলে প্রতি মঙ্গলবার ৩২ পৃষ্ঠার ম্যাগাজিন প্রকাশ করার পরিকল্পনা করেছেন।

এদিকে, যায়যায়দিন থেকে অব্যাহতি পাওয়া সাংবাদিক ও সংবাদকর্মীদের পাওনা ১৫ নভেম্বর বুঝিয়ে দেওয়ার কথা। ইতোমধ্যে তাদের কাছে থাকা পত্রিকাটির মালামাল বুঝে নিয়েছে কর্তৃপক্ষ। এদের পাওনা বুঝিয়ে দেওয়ার পর নতুনভাবে আরও সাংবাদিক নিয়োগ শুরু হবে বলে জানা গেছে।

শতাধিক সাংবাদিক-সংবাদকর্মীকে অব্যাহতি দিয়ে প্রকাশনা সাময়িক স্থগিত রেখে পুনরায় চালু করার পর গত ৬ নভেম্বর যায়যায়দিনে যোগ দেন তাজুল ইসলাম ও মারুফ কামাল খান সোহেল। ১৯৭৯ সালে বিসিএসের প্রথম ফরম্যাল রেগুলার ব্যাচের তথ্য ক্যাডার হিসেবে যোগ দেওয়া তাজুল ইসলাম পাকাপাকিভাবে সাংবাদিকতা শুরু করতে যাচ্ছেন যায়যায়দিনের উপদেষ্টা সম্পাদক হিসেবে। তিনি বলেন, ‘এতোদিন মন্ত্রী-প্রধানমন্ত্রীকে লিখে দিয়েছি। ব্যবহারিক সাংবাদিকতা এই পত্রিকা থেকেই শুরু করলাম। এখন প্রতিদিনই আমি সাংবাদিকতা শিখছি।’

তাজুল ইসলাম ’৯১ থেকে ’৯৬ পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের প্রেস কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। ২৭ বছরের পেশাগত জীবনে এ ছাড়াও তিনি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

মারুফ কামাল খান সোহেল যায়যায়দিন এ এসোসিয়েট এডিটর হিসেবে যোগ দিয়েছেন।

এদিকে প্রকাশনা শুরুর তৃতীয় সপ্তাহেই পেশাগত মতপার্থক্যের কারণে যায়যায়দিনের ‘সিকিউরিটি এণ্ড ডিপ্লোম্যাসি’ সেল প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগকারী আবু রুশ্দ শিগগিরই পুনরায় পত্রিকাটিতে যোগ দেবেন বলে জানা গেছে। তিনি সিটি এডিটর অথবা চিফ রিপোর্টার পদে যোগ দিতে পারেন। যায়যায়দিনের বর্তমান সিটি এডিটর আমিরুল ইসলাম টোকন ইতোমধ্যেই পদত্যাগপত্র জমা দিয়েছেন।