২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করতে জেলা ম্যাজিস্ট্রেসির অধীনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে তত্ত্বাবধায়ক সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 10:01 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

রোববার দুপুরে এ সংক্রান্ত একটি নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৬৪টি জেলা প্রশাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এস এম জহুরুল ইসলাম স্বাক্ষরিত এ চিঠিটি দেখেছে। সেখানে বলা হয়, “দেশে উদ্ভুত আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তার নিমিত্তে সামরিক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। মোতায়েনকৃত সামরিক বাহিনীর কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট প্রস্তুত রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হলো”।

চিঠির বিষয়বস্তু হিসেবে বলা হয়েছে “আইন-শৃঙ্খলা সহায়তায় আইন রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদানের জন্য নিয়োজিত সামরিক বাহিনীর কার্যক্রম নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রসঙ্গে”।

অবশ্য সেনা মোতায়েনের এ নির্দেশ অস্বীকার করেছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর। সেখানকার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান চৌধুরী রাত সাড়ে আটটায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, ‘‘সেনাবাহিনী মোতায়েনের কোনো নির্দেশ আমরা এখনো পাইনি।’’ তবে কয়েকটি টিভি চ্যানেলে এ সংক্রান্ত খবর প্রচার হয়েছে বলে তিনি জানেন।

রোববার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে ১০ উপদেষ্টার বৈঠক শেষে তত্ত্বাবধায়ক সরকারের মুখপাত্র মাহবুবুল আলম বলেছেন জনপ্রশাসনের সহায়তার জন্য প্রয়োজনে কোথাও কোথাও সেনা মোতায়েন করা যেতে পারে। তবে সেনা মোতায়েন সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের ব্যাপারে উপদেষ্টা পরিষদ সদস্যরা “অবহিত নন” বলে তিনি জানান।

এদিকে রাত ১০টা ১৮ মিনিটেও আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনিসুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেছেন, সেনা মোতায়েনের ব্যাপারে তারা কিছুই জানেন না।

গত সপ্তাহে তিন বাহিনীর প্রধানের সঙ্গে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বৈঠক এবং রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের হরতাল আহ্বানের ফলে গত দুই দিন ধরে সেনাবাহিনীর মাঠে নামার গুজব শোনা যাচ্ছিল। ওই সময়ে সেনাকুঞ্জে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি তিন বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন।