মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষতি কোটি টাকা
অগ্নিকাণ্ডে কাটাখালি বাজারের ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় এক কোটি টাকা বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১২ টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং কিছুক্ষনের মধ্যে তা ছড়িয়ে পড়ে। পরে দমকল বাহিনী ও এলাকাবাসী ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন থামাতে গিয়ে আহত হন ৫ ব্যক্তি।
সদর থানায় কর্তব্যরত কর্মকর্তা আব্দুস সোবহান বলেন, “কয়েকদিন ধরে বন্ধ থাকা আমির হোসেনের কনফেকশনারি থেকে আগুনের সূত্রপাত ঘটে।
মুন্সিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার আবুল হাশেম বলেন, “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।” পুলিশ কর্মকর্তাটি জানান, অগ্নিকান্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরো বলেন, স্টেশনারি সামগ্রী, আলু বীজ ও সারসহ প্রায় এক কোটি টাকার সম্পদ পুড়ে গেছে।
জেলা প্রশাসক মনির উদ্দিন, পুলিশ সুপার সর্দার নুরুল আমিন এবং পৌর চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুর রহমান রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
