২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুইদিনের মধ্যে সঙ্কট সমাধানে হাসান মশহুদের আশাবাদ

আগামি দুই তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে সৃষ্ট রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করছেন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান মশহুদ চৌধুরী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2006, 05:48 PM

Updated : 26 Apr 2022, 04:03 PM

হাসান মশহুদ চৌধুরী সচিবালয়ে সাংবাদিকদের বলেন, অচলাবস্থা অবসানের আইনি দিকগুলো উপদেষ্টা পরিষদ খতিয়ে দেখছে। এ বিষয়ে আইন উপদেষ্টা বিচারপতি ফজলুল হক বিশেষজ্ঞ মতামত দিতে পারেন বলে হাসান মশহুদ চৌধুরী জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাসান মশহুদ বলেন, “আগামি দুই তিনদিনের মধ্যে এ সঙ্কট কেটে যাবে বলে আশা করা যায়। আর আমরা বিকল্পগুলো বিচার করে দেখছি। আর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবো।”

অর্থ উপদেষ্টা আকবর আলী খানও দুই একদিনের মধ্যে সব সঙ্কটের সমাধান হওয়ার আশাবাদ জানালেন। রোববার সাংবাদিকদের তিনি বলেন, “আজকে সন্ধ্যায় সভা ডাকা হয়েছে। আশা করি রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে এবং আগামি দুই একদিনের মধ্যেই সমাধান হবে”।

প্রধান নির্বাচন কমিশনার এম এ আজিজ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আরেক উপদেষ্টা সুলতানা কামাল জানান, “এ প্রসঙ্গে আমাদের অবস্থান পরিস্কার। আপনারা জানেন প্রধান উপদেষ্টার নির্দেশে আমাদের একজন সিইসির বাড়িতে গিয়েছিলেন। এখন আমরা অন্য উপায়গুলো খুঁজে দেখছি”।