নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪
পৃথক সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তি নিহত ও ১০ জন আহত হয়েছেন শনিবার ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার চৈতন্যা এবং বেলাব উপজেলার বারৈচায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরা সেরাজনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নকুল চন্দ্র দাস (৪৫) দুপুরে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে চৈতন্যায় ভৈরবগামী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন।
এছাড়া বগুড়া থেকে সিলেট যাওয়ার সময় যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১১-০৩৮২) বারৈচা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা সিলেটগামী আরেকটি বাসকে ধাক্কা দিলে তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও আহত হন উভয় বাসের ১০ যাত্রী ।
তাদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শিবপুর ও বেলাব থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
