২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপদেষ্টাদের পাশ কাটিয়ে রাষ্ট্রপতি একাই সিদ্ধান্ত নিচ্ছেন-হাসিনা

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মদকে অভিযুক্ত করে বলেছেন, তিনি উপদেষ্টা পরিষদকে পাশ কাটিয়ে একাই বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 07:30 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

এভাবে এই তত্ত্বাবধায়ক সরকার দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। দলীয় সাবেক সাংসদদের সঙ্গে ধানমণ্ডির দলীয় কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে বৃহস্পতিবার তিনি এসব অভিযোগ করেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির নেতৃত্বাধীন সাবেক চারদলীয় জোট সরকারের দুর্নীতির শ্বেত পত্র প্রকাশ করা হবে। তিনি দলীয় সাবেক সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনারা বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্নীতির তথ্য সংগ্রহ করুন এবং জোট সরকারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশে আমাদের সহযোগিতা করুন। দুর্র্নীতির তথ্য সংগ্রহের ব্যাপারে খুব শিগগিরই একটি কেন্দ্রীয় সমন্বিত দুর্র্নীতি গবেষণা কোষও গঠন করা হবে বলে তিনি জানান।

১৪ দলের প্রধান শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের প্রতি ১২ নভেম্বরের মিছিলকে গণমিছিলে পরিণত করার আহ্বান জানান। তিনি আবারও নির্বাচন কমিশন ঢেলে সাজানো এবং প্রশাসনে ব্যাপক রদবদলের দাবি জানান। তিনি আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে দেশের এক কোটি ভুয়া ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান।

তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করে বলেন, যদিও বাংলাদেশ দুর্র্নীতিতে তৃতীয় হলেও দুর্নীতি কমেনি; বরং তা কয়েকগুণে বেড়েছে। তিনি কৌতুক করে বলেন, “কিছু দেশ সাবেক বিএনপি-জামায়াত জোট সরকারের দুর্র্নীতি দেখে উৎসাহিত হয়ে বাংলাদেশের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছে।