২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই জেএমবি শূরা সদস্যের মৃত্যুদণ্ড

মুসলমান থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণের অপরাধে জামালপুরের গণি গোমেজ নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে বৃহস্পতিবার জেএমবির শূরা সদস্য সালাউদ্দিন ওরফে সালেহীন ও হাফেজ মাহমুদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 06:57 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

সরকারি কৌসুলি আবদুল লতিফ তালুকদার সাংবাদিকদের জানান, অভিযুক্ত দুজনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ শেষে অপরাধ প্রমাণ হওয়ায় ঢাকার দ্রুত বিচার ১ নং ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন বৃহস্পতিবার এই রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনই নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।

কৌসুলি তালুকদার এসময় বলেন, “রায়ে আমি খুবই খুশী”। তিনি জানান, জেএমবি প্রধান শায়খ আবদুর রহমানের নির্দেশেই তারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছে। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য তাদের ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর কাঠগড়ায় উপস্থিত আসামীরা বলেন, “আমরা এই রায় মানি না, আমাদের ফাঁসির আদেশ দেওয়া ঠিক হয়নি।”

এদিকে দণ্ডপ্রাপ্ত আসামী সালাহউদ্দিনকে কড়া নিরাপত্তার মধ্যে আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, “আমি খুবই খুশী যে আমি ওই লোকটিকে হত্যা করেছি।”

মামলার বিবরণ অনুযায়ী, নিহত গণি গোমেজ মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর জামালপুরের গরীব মুসলমানদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। খবর পেয়ে জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য ২০০৪ সালের ১৮ সেপ্টেম্বর গণি গোমেজকে অপহরণ করে দুয়ারীপাড়া গ্রামের বটগাছের নীচে জবাই করে হত্যা করে। তারা আদালতে ম্যাজিস্ট্রেটের কাছেও হত্যার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলায় আরো দুই আসামী থাকলেও তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।

রাষ্ট্রপক্ষে বিশেষ পিপি আব্দুল লতিফ তালুকদার মামলাটি পরিচালনা করেন।