ইয়াজউদ্দিন উপদেষ্টাদের কাজ করতে দিচ্ছেন না: আওয়ামী লীগ
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ দলীয় ও অশুভ শক্তির প্রভাব বলয় থেকে মুক্ত হতে পারেননি। প্রশাসনের বিন্যাস, নির্বাচন কমিশন পুর্নগঠন ও সংবাদ মাধ্যমকে নিরপেক্ষ করাসহ সব ক্ষেত্রেই তাঁর পদক্ষেপ দুর্বল ও অকার্যকর।
আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে দলের উপদেষ্টা কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
এতে বলা হয়, ইয়াজউদ্দিন অন্যান্য উপদেষ্টাদের কাজ করতে দিচ্ছেন না। তিনি এখনো দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্র তৈরি করতে পারেননি। কিন্তু আমাদের ধৈর্যেরও একটা সীমা আছে। আর মাত্র দু’দিন, এই সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে উদ্ভূত পরিস্থিতির জন্য রাষ্ট্রপতিকেই দায়ী থাকতে হবে।
গত পাঁচ বছরে প্রশাসনিক দলীয়করণের খতিয়ান দিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, দলীয় বিবেচনায় চাকরিচ্যুত করা হয়েছে শ’ শ’ কর্মকর্তা-কর্মচারিকে। একইভাবে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারিকে, যাদের মধ্যে নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি যুক্ত থাকবে ৩শ’ উপজেলা নির্বাচন অফিসার, ৪শ’ শিক্ষা অফিসার, ৪শ’ ৭২ ভূমি কর্মকর্তা, ৪শ’ ৯৯ এএসপি, দুই হাজার এসআই, ২৪ হাজার পুলিশ কন্সটেবল এবং প্রায় ৬৫ হাজার প্রাথমিক শিক্ষক।
সম্মেলনে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে ইয়াজউদ্দিনের বদলে নতুন একজন প্রধান উপদেষ্টা নিয়োগ, নির্বাচন কমিশন পুর্নগঠন, পূর্ণাঙ্গ ও অবিতর্কিত ভোটার তালিকা তৈরি, নিরপেক্ষ প্রশাসন, ২০০১ সালের সশস্ত্র বাহিনী অধ্যাদেশ বাতিলসহ ১৭ দফা দাবি উত্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য আবুল মাল আব্দুল মুহিত, ফারুক চৌধুরী, আসাদুজ্জামান নূর, এইচ টি ইমাম, মোকাম্মেল হক প্রমুখ।
