রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন জিদান
রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেছেন বিশ্বনন্দিত ফুটবল তারকা জিনেদিন জিদান।
বঙ্গভবনের মুখপাত্র মোখলেসুর রহমান সাংবাদিকদের জানান, বুধবার বেলা ১ টা ১৫ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। এ সময় জিদানের সঙ্গে ছিলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল পুরস্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূস এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সিএম শফি সামি।
বঙ্গভবনে প্রায় একঘন্টা কাটান জিদান। এসময় তিনি বাংলাদেশের ফুটবলের উন্নয়নে সহায়তার বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলাপ করেন।
সৌজন্য সাক্ষাত শেষে রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করে বিদায় নেন ফরাসি ফুটবলের এই মহানায়ক।
