সংবাদ পরিবেশনে বিটিভির পক্ষপাতিত্ব ছিল সুস্পষ্ট
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মঙ্গলবার রাত আটটার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিএনপির প্রতি পক্ষপাতিত্ব স্পষ্টতই দৃশ্যমান ছিল। ফলে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে চলমান বিতর্ক আরও জোরালো হয়েছে।
বিটিভির মোট ১৫টি খবরের মধ্যে বিদেশের খবর ছিল পাঁচটি। পঁচিশ মিনিটের সংবাদে দুই পর্যায়ে মোট সাত মিনিট ১৫ সেকেন্ড ধরে বিপ্লব ও সংহতি দিবসের খবর প্রচারিত হয়।
মঙ্গলবার স্বাভাবিকভাবেই খবরের শীর্ষ শিরোনাম ছিল ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ছিল যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ও বিশ্বখ্যাত ফরাসি ফুটবলার জিনেদিন জিদানের গাজীপুর সফরের খবর। খবরের প্রথম ও শেষ পর্যায়ে জিদান মোট চার মিনিট ৪৫ সেকেন্ড সময় দখল করে নেন।
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে প্রথম পৌণে ছয় মিনিট ধরে বিএনপি ও এর শরীক দলগুলোর বিভিন্ন কর্মসূচি ছাড়াও রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের বাণী প্রচার করা হয়। রাষ্ট্রপতির বাণীতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের বিষয়টি বিশেষ প্রাধান্য পায়।
ভারসাম্য রক্ষার চেষ্টা হিসেবে দ্বিতীয় খবর হিসেবে প্রচার করা হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠক এবং সংবাদ ব্রিফিংয়ের খবর।
তৃতীয় খবরটি ছিল ফরাসি ফুটবলার জিনেদিন জিদানের গাজীপুর সফর যেখানে তাকে সঙ্গ দেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এরপরেই প্রচারিত হয় রাষ্ট্রপতি ও বঙ্গভবন নিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসসের ভাষ্য।
খবরের এ পর্যায়ে পরপর পাঁচটি বিদেশি সংবাদ প্রচারিত হয়। প্রথমেই আসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের খবর। স্থায়ীত্ব ছিল ৪০ সেকেন্ড। এরপর একে একে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার দুদিন পর ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আবারও আদালতে উপস্থিতি, নিকারাগুয়ার নির্বাচনে ১৬ বছর পর সাবেক বামপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার এগিয়ে থাকা, ইসলামী দেশগুলোর সংগঠন ওআইসির অর্থনীতি বিষয়ক মহাপরিকল্পনা ও নয়াদিল্লিতে ব্যবসায়ীদের বিক্ষোভে পুলিশের কাঁদুনে গ্যাস ও জলকামান ব্যবহারের খবর।
বিদেশি খবরের পরেই আসে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন রোগী ও ল্যাবএইডে চিকিৎসাধীন স্বামী ড. ওয়াজেদ মিয়াকে দেখতে যাওয়ার খবর। স্থায়ীত্ব ছিল ৫০ সেকেন্ড।
তারপর আসে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির অঙ্গ সংগঠনগুলোর কর্মসূচি পালন ছাড়াও জাসদের দিবসটি পালনের খবর। স্থায়ীত্ব ছিল যথাক্রমে এক মিনিট ও ২৫ সেকেন্ড।
খেলার খবরে জিদানের ঢাকায় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার খবরও প্রচারিত হয়।
