দুদিনে ৫০০ মোটর সাইকেল আটক
ঢাকা মহানগর ও ট্রাফিক পুলিশ মোটর সাইকেল বিরোধী বিশেষ অভিযানে গত দুদিনে প্রায় ৫০০ মোটর সাইকেল আটক করেছে।
বিএনপি নেতা ও সাবেক আইনমন্ত্রীর বাড়িতে গত শনিবার রাতে মোটর সাইকেল আরোহী সন্ত্রাসীরা হামলা করায় পুলিশ মোটর সাইকেলকে লক্ষ্যবস্তু করেছে বলে পুলিশের একাধিক সূত্র জানিয়েছে।
পুলিশের সূত্র মতে, ঢাকা মহানগর পুলিশের নবনিযুক্ত কমিশনার এবিএম বজলুর রহমান এ ব্যাপারে সোমবার এক বিশেষ চিঠিতে সকল থানা ও ট্রাফিক পুলিশকে মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান শুরুর নির্দেশ দেন।
কমিশনারের নির্দেশ অনুসারে পুলিশ সোমবার ৩৮৬ টি এবং মঙ্গলবার ৯৫ টি মোটর সাইকেল আটক করে।
এদিকে মোটর সাইকেল বিরোধী অভিযানের নামে মোটর সাইকেল আরোহীদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে বিভিন্ন মহলের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও ঘুষ আদায়ের ঘটনাও ঘটছে।
কমিশনারের নির্দেশনামা সম্বন্ধে সহকারী উপ-পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, “বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে মোটর সাইকেলের ব্যবহার বেড়ে যাওয়ায় এই অভিযান শুরু করা হয়েছে।”
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য যানবাহন ব্যবহার করেও সন্ত্রাসী ঘটনা ঘটে। এসব যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে পর্যায়ক্রমে।
এদিকে পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বলা হয়েছে যে, চলমান মোটর সাইকেল বিরোধী অভিযানে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। এই অভিযান দেশব্যাপী সম্প্রসারিত করা হবে।
