গাজীপুরে ব্যস্ত সময় কাটালেন জিদান
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ্বনন্দিত ফুটবল তারকা জিনেদিন জিদান মঙ্গলবার ব্যস্ত সময় কাটিয়েছেন গাজীপুরে। সকাল ৯ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন, বন্ধু ডিনম ফুডসের চেয়ারম্যান মি. ফ্রাঙ্কের জন্মদিন পালন ছাড়াও শিশুদের সঙ্গে ফুটবল খেলে নির্মল আনন্দেই কাটিয়েছেন তিনি।
জেলা শহর থেকে ১০ কিলোমিটার দূরে কাউলতিয়া ইউনিয়নের মজলিশপুর এলাকার নিভৃত পল্লীতে সকাল ৯ টায় জিদান যখন পৌঁছেন কয়েক শ’ নারী-পুরুষ শিশু তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানান। এ সময় জিদানের সঙ্গী ছিলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ড. ইউনূস, বন্ধু ফ্রাঙ্ক প্রমুখ।
এ সময় তিনি দোভাষীর সাহায্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, পৃথিবীর মধ্যে বাংলাদেশের মানুষই বোধ হয় বেশি সুখী। এ দেশের মানুষের মুখের হাসি কেড়ে নিতে পারেনি দারিদ্র।
কর্মসূচির শুরুতে জিদান স্থানীয় এক শিক্ষকের বাসায় বন্ধু ফ্রাঙ্কের জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেন। পরে তিনি ৫৩ নং মজলিশপুর ভূমিহীন সমিতির সদস্যদের কাছে জানেন কিভাবে তারা ক্ষুদ্রঋণ নিয়ে নিজেদের ভাগ্য ফিরিয়েছেন।
গ্রামীণ ব্যাংকের শিক্ষা ঋণ নিয়ে মাধ্যমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ালেখা করা ২০ জন ছাত্রীর সঙ্গে কথা বলা ছাড়াও জিদান গ্রামীণ ব্যাংকের বিভিন্ন হস্তশিল্প দেখেন।
সবশেষে জিদান মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুর্ধ্ব ১২ বছর বয়সী শিশুদের সঙ্গে ফুটবল খেলেন।
লাল ও সবুজ দলে বিভক্ত খুদে ফুটবলারদের সঙ্গে তিনি লাল দলের হয়ে ৫ মিনিট খেলেন। এ সময় তার ক্রস পাস থেকে বল পেয়ে লাল দলের ১০ নম্বর জার্সিধারী সাইফুল একটি গোল করে। এসময় মাঠে উপস্থিত কৌত’হলী লোকজন ‘গোল’ আর ‘জিদান’ ধ্বনিতে চারপাশ মুখর করে তুলেন। জিদানও এই আনন্দের সঙ্গে তাল মিলিয়ে গলা মেলান।
খেলা শেষে লাল ও সবুজ দলের অধিনায়ক মাহাবুল ও দীপঙ্করের অনুভূতি ছিল এরকম, “স্বপ্নেও ভাবিনি বিশ্বসেরা জিদানের সঙ্গে ফুটবল খেলব। নিজেদের এখন ধন্য ও গর্বিত মনে হচ্ছে।”
জিদানের তিন ঘন্টা স্থায়ী সফরের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় থেকে মজলিশপুর উচ্চ বিদ্যালয় পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত এলাকা পুলিশ ও র্যাব সদস্যরা মিলে নিরাপত্তার চাদর তৈরি করে রেখেছিল।
এ সময় ওই মহাসড়কে যানজট দেখা দেয়।
