সাংবাদিককে হত্যার হুমকি, চাঁদপুরে বিক্ষোভ-সমাবেশ
জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি ইকরাম চৌধুরীকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রতিবাদে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মঙ্গলবার।
একই সঙ্গে মিলনের সব ধরনের সংবাদ বর্জনসহ ৭ দিনের কর্মসূচিও ঘোষণা করা হয় ।
সকালে প্রেসক্লাব থেকে প্রায় অর্ধ শতাধিক সাংবাদিক মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালীবাড়ি শাপলা চত্ত্বরে সমাবেশে করেন।
জেলা প্রেসক্লাবের সভাপতি ইকবাল-বিন-বাশারের সভাপতিত্বে ও শাহ মোহাম্মদ মাকসুদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, মিলনকে তাঁর অপরাধের জন্য প্রেসক্লাবে এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। গত ৫ বছরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের জন্য কৈফিয়তও দিতে হবে তাঁকে।
বক্তারা মিলনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমরা কোনো রাজনৈতিক দলের কর্মী নই। আমাদের বড় পরিচয় আমরা সাংবাদিক। আপনি যতো বড় ক্ষমতাবানই হোন না কেন সাংবাদিক সমাজের কাছে জাতির স্বার্থে আপনাকে ক্ষমা চাইতেই হবে।”
সমাবেশ শেষে ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ইয়াজউদ্দিন আহম্মেদ বরাবর স্মরকলিপি দেওয়া হয়।
কচুয়া উপজেলার রহিমানগর এলাকায় ৪ নভেম্বর আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের সময় মিলন ২ রাউন্ড গুলিবর্ষণ করেন। এ খবর পত্রিকায় ছাপা হওয়ার পর তিনি ইকরাম চৌধুরীকে রোববার রাতে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেন।
