২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বেড়াতে এসে বুয়েটের ছাত্রের মর্মান্তিক মৃত্যু

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেষ বর্ষের ছাত্র হামিদুল্লাহ কাওসার তানিম (২৩) রোববার কুমিল্লায় বন্ধুর বাসায় বেড়াতে এসে পানিতে ডুবে মারা গেছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

নিহত তানিমের বাবা প্রফেসর মো. আব্দুল মুক্তাদির বুয়েটেরই অধ্যাপক। তারা বুয়েট ক্যাম্পাসের ৪৮/৭ নম্বর বাসার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১২টার দিকে বুয়েট শেষ বর্ষের তিন ছাত্র হামিদুল্লাহ কাউসার তানিম, আবির আহমেদ জিয়া ও কাজী ফারুক আহমেদ তাদের অপর বন্ধু নাঈম মো. ফারুকের কুমিল্লার বাসায় বেড়াতে আসে। নাস্তা শেষে তারা কুমিল্লা শিক্ষাবোর্ডের পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় নাঈম ও আবির সাঁতার না জানায় পুকুরে না নামলেও তানিম ও ফারুক পুকুরে নামে। কিন্তু তানিম পানিতে ডুব দিয়ে আর না উঠলে ৪/৫ জন পুকুরে নেমে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে তাকে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আবু মোহাম্মদ মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুমিল্লা মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ গোলাম মহিউদ্দিন দীপু জানান, হঠাৎ করে অতিরিক্ত সাঁতার কাটার ফলে স্ট্রোক করে তানিম মারা গিয়ে থাকতে পারে।

এদিকে সন্ধ্যার পর তানিমের আত্মীয়স্বজন কুমিল্লা এসে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ নিয়ে যায়। তবে এ ব্যাপারে কোন মামলা হয়নি।

কুমিল্লা কোতয়ালী থানার ডিউটি অফিসার এসআই শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।