বঙ্গভবনে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূস সংবর্ধিত
শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউকুসকে বঙ্গভবনে রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবর্ধনা জানিয়েছেন।
রোববার বঙ্গভবনের দরবার হলে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই অনুষ্ঠান শুরু হয়।
এতে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা ছাড়াও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, সরকারি ও বেসরকারি উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে অতিথি সারির প্রথম কাতারে বসা নোবেল বিজয়ী ইউনূসকে মঞ্চে ডেকে রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদ তাঁর পাশের চেয়ারে বসান। এরপর কোরআন পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে অতিথি সারিতে শীর্ষ দুই দলের শীর্ষ নেতা খালেদা জিয়া ও শেখ হাসিনার জন্য আসন সংরক্ষিত থাকলেও তারা কেউ আসেননি।
তবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি জে আর মুদ্দাচ্ছির হোসেন, স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, এইচ এম এরশাদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবে প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান, লতিফুর রহমান, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল, বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির নেতারাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা।
রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজদ্দিন আহম্মেদ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ইউনুসকে নোবেল বিজয়ীর জন্য অভিনন্দন জানিয়ে বলেন, এ বিরল সম্মানে দেশ গৌরবান্বিত হয়েছে। এই অর্জন ভবিষ্যতের জন্য দিশারী হয়ে থাকবে। তিনি অধ্যাপক ইউনূসের ক্ষুদ্র ঋণ কর্মসূচির বিশ্বব্যাপী প্রসার ও গ্রামীণ ব্যাংকের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করে বলেন, নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের স্বপ্ন ‘ক্ষুধামুক্ত বিশ্ব’ একদিন বাস্তবায়ন হবেই। তিনি দেশে শান্তি স্থাপনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
জবাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস শান্তি ও আইন-শৃঙ্খলা বজায় রেখে তিনি রাষ্ট্রপতিকে শক্তভাবে সরকার পরিচালনার পরামর্শ দিয়ে বলেন, “অশান্তিকে যেন আমরা বিদায় দেই। আপনি সবার কথা শুনুন, কিন্তু চলুন নিজের কথায় এবং শক্ত হাতে দেশ চালান। মানুষকে বুঝতে দিন, আপনার সরকার সবচেয়ে সাহসী সরকার। দেশের মানুষ চায় আপনি যাতে শক্ত হাতে দেশ পরিচালনা করেন। উপদেষ্টামন্ডলীদের বলুন শক্তহাতে মন্ত্রণালয় চালাতে। প্রতিটি মন্ত্রণালয় যাতে অন্ততঃ একটি করে স্মরণীয় কাজ করে যেতে পারে। আপনি রাজনীতি দেখুন।”
তিনি দেশে বিশৃঙ্খলা দূর করে শান্তি স্থাপন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়ন ও চট্টগ্রাম বন্দর প্রভৃতি বিষয়ে নজর দেয়ার জন্য রাষ্ট্রপতিকে পরামর্শ দেন। তিনি রাষ্ট্রপতিকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে বলেন, অন্তত একটি দুর্নীতিকে সামাল দিয়ে দেশবাসীর কাছে প্রমাণ রাখুন। একইসঙ্গে কারও সমালোচনায়ও গুরুত্ব না দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানান।
অধ্যাপক ইউনূস আশাবাদ ব্যক্ত করেন বলেন, বর্তমান রাষ্ট্রপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাবে। তারা এমন একটি বাংলাদেশ গড়বে যেন সারা বিশ্বের মানুষের কাছে উদাহরণ হয়ে থাকে। রাষ্ট্রপতির হাতেই দেশের ভবিষ্যৎ নির্ভর করছে।
রাত ৮টায় অনুষ্ঠানের সমাপ্তি হয়। পরে রাষ্ট্রপতি অধ্যাপক ইউনূসের সম্মানে এক চা-চক্রের আয়োজন করেন।
প্রসঙ্গত, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ক্ষুদ্র ঋণের মাধ্যমে দারিদ্র্য নিরসনের দরিদ্র জনগোষ্ঠীর শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য গত ১৩ অক্টোবর আর্ন্তজাতিক নোবেল পুরস্কার কমিটি অধ্যাপক ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত করে।
