২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিলখেলাপি সাবেক ৩১৫ সাংসদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বিটিটিবি

আদালতের নির্দেশিত সময়ে বকেয়া বিল পরিশোধ না করায় পঞ্চম ও সপ্তম সংসদের ৩১৫ জন সদস্যের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ড (বিটিটিবি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 07:42 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

এদের কাছে বিটিটিবির পাওনা ছয় কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৮৮২ টাকা।

পঞ্চম ও সপ্তম সংসদের প্রায় সাড়ে তিনশ সাবেক সাংসদের কাছে বকেয়া প্রায় সাত কোটি টাকা টেলিফোন বিল পরিশোধের জন্য উচ্চ আদালতের বেধে দেওয়া সময় শেষ হয়ে গেছে গত ২৬ অক্টোবর। এর মধ্যে আদায় করা হয়েছে মাত্র ২৪ লাখ ১৬ হাজার ৫৬৮ টাকা।

২৬ অক্টোবর এ সময়সীমা পার হয়ে গেলে বিলখেলাপীদের বিরুদ্ধে বিটিটিবি আইনি ব্যবস্থা নেওয়ার জন্যে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে।

এ বিষয়ে বিটিটিবির চেয়ারম্যান আলীবর্দী খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে বলেন, বিলের হিসাব নিকাশ আবারও পরীক্ষা করে দেখা হচ্ছে ও সমন্বয়ের কাজ চলছে। এগুলো শেষ হলেই আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিটিটিবির অন্য এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের আইন উপদেষ্টা এ ব্যাপারে আইন মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে করণীয় সম্পর্কে আরও নিশ্চিত হতে চেয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পেলেই মামলা দায়েরের কাজ প্রস্তুতি শুরু হবে।

বিটিটিবির সংশ্লিষ্ট রাজস্ব বিভাগের হিসাব অনুযায়ী পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদের সদস্যদের কাছে প্রতিষ্ঠানটির মোট বকেয়া বিলের পরিমাণ আট কোটি ৪৪ লাখ ৪৫ হাজার ৭৪৮ টাকা। এর মধ্যে সদ্য সমাপ্ত অষ্টম সংসদ সদস্যদের কছে পাওনা এক কোটি টাকার ওপরে।

সাংসদরা তাদের ভাতার অংশ হিসাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতিমাসে ছয় হাজার টাকা করে টেলিফোন বিল তুললেও তা বিটিটিবির অনুকূলে জমা দেননি। গত পাঁচ বছরে তাগাদাপত্র পাঠানো হলেও বকেয়া বিল পরিশোধের জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়নি।

উল্লেখ্য, সংসদ সদস্যদের টেলিফোন বিল পরিশোধে অনীহা নিয়ে প্রশ্ন তুলে ২০০১ সালে বাংলাদেশ লিগ্যাল এইডস অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) জনস্বার্থে উচ্চ আদালতে একটি রিট মামলা (২০৬০/০১) দায়ের করে। চলতি বছরে ২৭ মার্চ উচ্চ আদালত এ ব্যাপারে রায় ঘোষণা করেন।

বিচারপতি এবিএম খায়রুল হক ও এটিএম ফজলে কবীরের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় দেন যে, পরবর্তী ছয় মাসের মধ্যে বিটিটিবিকে এই বকেয়া বিল আদায়ের ব্যবস্থা করতে হবে। নোটিশ দেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে যেসব সাংসদ বকেয়া বিল পরিশোধে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিল আদায় করতে বিটিটিবিকে আইনি ব্যবস্থা নিতে হবে।

ওই রায়ের ভিত্তিতে বিটিটিবি বকেয়া বিলের পরিমাণ উল্লেখ করে আদালতের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে সাবেক সাংসদ ও মৃত সাংসদদের ওয়ারিশদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেবে জানিয়ে গত ২৯ জুন একটি তাগাদা পত্র পাঠায়। এরপর ১৮ জন পুরো বিল এবং ছয়জন আংশিক বিল পরিশোধ করেন।

কোন সংসদে বিল খেলাপী কারা-পঞ্চম, সপ্তম ও অষ্টম সংসদে যে দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল সে দলের সাংসদরাই বেশি হারে বিলখেলাপী হয়েছেন।

পঞ্চম সংসদের খেলাপি ২২৬ জনের মধ্যে ১২৪ জনই বিএনপির। এদের কাছে বকেয়ার পরিমাণ দুই কোটি এক লাখ ৮৯ হাজার ২৪৬ টাকা। আওয়ামী লীগের ৮৫ জনের কাছে বিটিটিবির পাওনা এক কোটি ১৩ লাখ ১০ হাজার ৬৮৭ টাকা। জাতীয় পার্টির ৩১ জনের কাছে বকেয়া ৬৫ লাখ ৭৩ হাজার ৩৭১ টাকা। জামাতে ইসলামীর ছয় সদস্যের কাছে পাওনা চার লাখ ১২ হাজার ৩৮৭ টাকা। এছাড়া ওয়ার্কার্স পার্টির একজনের কাছে ৯৮ হাজার ২২ টাকা, ইসলামী ঐক্যজোটের একজনের কাছে ৫ হাজার ১৮৫ টাকা পাওনা রয়েছে। তবে ওই সময়ের শীর্ষ তিন বিলখেলাপী হলেন বিএনপির এমএ জিন্নাহ (১৬ লাখ ৫২ হাজার ৭১৭ টাকা), আওয়ামী লীগের আব্দুল আউয়াল মিয়া (১০ লাখ ১৩ হাজার ৬৩ টাকা) ও জাতীয় পার্টির কাজী জাফর আহমেদ (নয় লাখ ১৩ হাজার ৮৫০ টাকা)।

সপ্তম সংসদের ২১৬ জন খেলাপি সাংসদের মধ্যে আওয়ামী লীগের ১১২ জনের বকেয়া ৭২ লাখ ৫ হাজার ৩৪৫ টাকা। এর মধ্যে বিএনপির ৭৭ জনের কাছে পাওনা ৪৯ লাখ ৩৬ হাজার ৮৬৬ টাকা। জাতীয় পার্টির ২৪ জনের বকেয়া ৯৬ হাজার ৪৩৯ টাকা, জামাতে ইসলামীর তিনজনের ৯৬ হাজার ২০৫ টাকা। সপ্তম সংসদের শীর্ষ তিন বিলখেলাপী হলেন আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম (চার লাখ ৫১ হাজার ২৩৭ টাকা), বিএনপির আমানউল্লাহ আমান (তিন লাখ ১৬ হাজার ৫৫৪ টাকা) ও আওয়ামী লীগের মুস্তাফিজুর রহমান (দুই লাখ ৯১ হাজার ৩৮১ টাকা)।