২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি শিক্ষক সমিতির নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি

ব্যক্তিগত মত ও দর্শনের বহিঃপ্রকাশ না ঘটিয়ে জাতির প্রত্যাশা অনুযায়ী একটি নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য সম্ভাব্য সব ধরনের পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার প্রতি দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 04:01 PM

বৃহস্পতিবার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক শরীফউল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

এত বলা হয়েছে, নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে না পারলে এর ফলাফল হবে জাতির জন্য চরম দুঃখজনক।

এতে আরও বলা হয়, দুই উপদেষ্টা বিচারপতি ফজলুল হক ও লে. জে. (অব.) হাসান হাসান মশহুদ চৌধুরী কোন মতাদর্শে বিশ্বাসী হতে পারেন। কিন্তু অন্যের ওপর বিরাগভাজন হয়ে ক্ষিপ্ত ও হুঁশিয়ারিমূলক বক্তব্য শুধু তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতাই প্রশ্নবিদ্ধ করছে না, বক্তব্যটি এক ধরনের দুরভিসন্ধিরও ইঙ্গিত বহন করছে।

উল্লেখ্য, বিচারপতি ফজলুল হক বুধবার বলেছিলেন, উপদেষ্টামণ্ডলীর কার্যক্রম পর্যবেক্ষণ সংক্রান্ত ১৪ দলের দাবি আপত্তিকর। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কাজ না করার পবিত্র শপথ গ্রহণের দুদিনের ব্যবধানে রাজনৈতিক দলসমূহের মতামতের বিপক্ষে এ ধরনের প্রতিক্রিয়াশীল বক্তব্য প্রদান পুরো তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষ ভূমিকা নিয়ে দলীয় সংকীর্ণতায় আবর্তিত হওয়ার সম্ভাবনার দ্বার উন্মোচন করলো। সম্ভবত এ সম্ভাবনার আশঙ্কা থেকেই বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলো তত্ত্বাবধায়ক সরকারকে পর্যবেক্ষণে রাখার কথা বলেছে।