রাতের আঁধারে রাজধানীতে যুবক হত্যা
অজ্ঞাত সন্ত্রাসীরা রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিসমিল্লাহ ফার্মেসির সামনে বুধবার রাত আটটার দিকে এক যুবককে (২৫) গুলি করে হত্যা করেছে। তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত ওই যুবককে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। সে রাস্তায় ঢলে পড়া পর্যন্ত দুর্বৃত্তরা তার ওপর গুলি চালায় ও পরে পালিয়ে যায়।
নিউমার্কেট থানা পুলিশ জানায়, তারা এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে। তার পরনে ছিল কালো প্যান্ট ও নীল শার্ট।
তবে নিহত যুবক সম্পর্কে কোন তথ্য তারা জানেন না। নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিএমসিএইচ সূত্র জানায়, নিহতের শরীরে বেশ কয়েকটি বুলেটের চিহ্ন রয়েছে।
