রাজশাহীতে ৮০ ভরি সোনার গহনা ছিনতাই
রাজশাহী কলেজের কাছে বুধবার ছিনতাইকারীরা রাজশাহী মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কাছ থেকে ৮০ ভরি সোনার গহনা ও নগদ ২৫ হাজার টাকাসহ দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে গেছে।
অধ্যক্ষ জয়তুন মুজাহিদ জানান, বেলা সাড়ে ১১ টার দিকে তিনি ইসলামী ব্যাংক লকারে রাখা তার প্রবাসী ছেলে-মেয়েদের প্রায় ৮০ ভরি সোনার গহনা তুলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কাজ শেষে রিকশা নেওয়ার সময় ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুই ছিনতাইকারী তাকে থামতে বলে। তার সাথে কথা বলার এক পর্যায়ে অস্ত্রের মুখে ব্যাংকের লকার থেকে তোলা সোনার গহনা ও টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। ব্যাগের মধ্যে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ছিল বলে তিনি জানান।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে বোয়ালিয়া থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
