বুধবার প্রকাশিত হয়েছে ৪ পৃষ্ঠার যায়যায়দিন, দাম ৩ টাকা
যায়যায়দিন বুধবার আবার প্রকাশিত হয়েছে। তবে ঈদের ছুটির পর ২৭ অক্টোবর আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়া পত্রিকাটি পূর্ণ কলেবরে বের হচ্ছে না।
এর আগে প্রতিদিন একটি ৩২ পৃষ্টার ম্যাগাজিনসহ ১৬ পৃষ্ঠার মূল পত্রিকার জায়গায় বুধবার প্রকাশিত হয়েছে মাত্রই চার পৃষ্ঠার যায়যায়দিন। আট টাকার জায়গায় দাম ৩ টাকা।
অবশ্য বরাবরের মতোই ব্যানারহেড এ ‘যায়যায়দিন’ লেখার আগে ছাপা হয়েছে ফুলের ছবি, লাল গোলাপ। প্রথম পৃষ্ঠাতেই পাঠকদের উদ্দেশ্যে দুটি কৈফিয়ত রয়েছে।
প্রথম পৃষ্ঠায় সম্পাদক শফিক রেহমান লিখেছেন ‘এয়ারপোর্টে বিব্রতকর মুহূর্ত’ আর পাঠকদের প্রতি জানানো হয়েছে ‘থ্যাংক ইউ ভেরি মাচ’। ভেতরের পৃষ্ঠায় রেহমান ইংরেজীতে লিখেছেন, 'Embarrassing Moments at the Airport: Rolling Days.'
পাঠকদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে প্রথম পৃষ্ঠায় লেখা হয়েছে “যায়যায়দিন ও এর সম্পাদক শফিক রেহমানকে নিয়ে যে ধরনের অপপ্রচার চলেছে তা ছিল অত্যন্ত দুঃখজনক”।
ছাপা হয়েছে দুটি বড় বিজ্ঞাপন। একটি আশিয়ান সিটি এবং অপরটি রেহমানের স্ত্রী তালেয়া রেহমান পরিচালিত ডেমোক্র্যাসী ওয়াচ এর।
ঈদের ছুটির পর কোন ঘোষণা ছাড়াই সম্পাদক শফিক রেহমান পত্রিকাটি বন্ধ ঘোষণা করেন এবং ১০৪ জন সংবাদ কর্মীকে চাকরীচ্যুত করেন। পরে সপরিবারে দেশত্যাগের সময় সাংবাদিকদের প্রতিবাদের মুখে তাকে দুইবার উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
